অসম বিধানসভার উপাধ্যক্ষ পদে মনোনীত ডাঃ হাব্বে টেরন

Spread the news

বরাক তরঙ্গ, ১৮ জুন : আগামী জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হতে চলেছে অসম বিধানসভার বাজেট অধিবেশন। অধিবেশন শুরুর প্রাক্কালে রাজ্যের বিধানসভার উপাধ্যক্ষ পদে পশ্চিম কার্বি আংলঙের আমরি (তফসিলি জনজাতি) বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক ডাঃ হাব্বে টেরনকে মনোনীত করা হয়েছে।

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে ডাঃ টেরনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। মুখ্যমন্ত্রী তাঁর পোস্টে বলেন, আমরি (এসটি) পার্বত্য কেন্দ্রে বিধায়ক ডাঃ হাব্বে টেরন একজন দক্ষ চিকিৎসক এবং নবগঠিত আমরি সমষ্টির প্রথম নির্বাচিত প্রতিনিধি। তিনি জনজাতীয় জনগোষ্ঠীর আশা-আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করার পাশাপাশি বিধানসভায় কার্বি আংলং ও ডিমা হাসাওয়ের কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করে তুলবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

মন্ত্রী অশোক সিংহল ও সামাজিক মাধ্যমে ডাঃ টেরনকে শুভেচ্ছা জানিয়ে বলেন, একজন চিকিৎসক থেকে আমরি (এসটি)-র প্রথম বিধায়ক হওয়ার তাঁর যাত্রা জনসেবার প্রতি নিবেদিত জীবনের প্রতিফলন। তিনি জনজাতীয় সমাজের কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করবেন এবং কার্বি আংলং ও ডিমা হাসাওয়ের উন্নয়নের নতুন অধ্যায় রচনা করবেন।

অন্যদিকে, কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য ও বিধায়ক Tuliram Ronghang ডাঃ টেরনের মনোনয়নকে অঞ্চলটির জন্য গর্ব ও আনন্দের মুহূর্ত বলে উল্লেখ করেন। তিনি মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সিদ্ধান্ত কার্বি আংলং ও পার্বত্য এলাকার প্রতি সরকারের আস্থা ও সমর্থনেরই প্রতিফলন।

উপাধ্যক্ষ পদে মনোনীত হওয়ার পর ডাঃ হাব্বে টেরন সামাজিক মাধ্যমে এক বার্তায় মুখ্যমন্ত্রী ও ড. তুলিরাম রংহাঙের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে তিনি গভীরভাবে সম্মানিত এবং নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে অসমবাসীর সেবা করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিধানসভার মর্যাদা অক্ষুণ্ণ রেখে রাজ্যের কল্যাণ, উন্নয়ন ও অগ্রগতির জন্য কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি। এছাড়া, দলীয় নেতৃত্ব, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং জনগণের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে ডাঃ টেরন বলেন, মানুষের আস্থা ও আশীর্বাদই তাঁকে আরও দায়িত্বশীলভাবে জনসেবায় অনুপ্রাণিত করবে। তিনি সকলের সহযোগিতা কামনা করে “জয় আই অসম” ধ্বনি দিয়ে তাঁর বক্তব্য শেষ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *