বকেয়া গুদাম ভাড়াকে কেন্দ্র করে উত্তেজনা, গ্যাস এজেন্সির গুদামের রাস্তা বন্ধ করলেন জমির মালিক

Spread the news

বরাক তরঙ্গ, ১৮ জুন : বকেয়া গুদাম ভাড়া পরিশোধ না করার অভিযোগে   কালাইন এলাকায় অবস্থিত একটি ইন্ডেন গ্যাস এজেন্সির গুদামের প্রবেশপথ বন্ধ করে দেওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, জমির মালিক কুমারজিত দেব বৃহস্পতিবার এস্কেকেভেটর দিয়ে রাস্তার সামনে নালা কেটে গুদামে যাতায়াতের পথ বন্ধ করে দেন।

কুমারজিত দেবের দাবি, গ্যাস এজেন্সির মালিক দিলীপ দাসের কাছে তাঁর বিপুল পরিমাণ ভাড়া বকেয়া রয়েছে। বহুবার তাগাদা দেওয়া সত্ত্বেও ওই টাকা পরিশোধ করা হয়নি। তিনি জানান, বকেয়া মেটানোর আশ্বাস দিয়ে দিলীপ দাস একটি চেক প্রদান করলেও ব্যাঙ্কে জমা দেওয়ার পর সেটি বাউন্স হয়ে যায়। এ ঘটনায় তিনি ইতিমধ্যে আইনি পদক্ষেপ গ্রহণ করে মামলা দায়ের করেছেন।

জমির মালিক আরও অভিযোগ করেন, পাওনা টাকার দাবি জানালে তাঁকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর অভিযোগ, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এক ব্যক্তির সঙ্গে যোগসাজশে দীর্ঘদিন ধরে এজেন্সির মালিক অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন।

এদিকে, এই পরিস্থিতির কারণে সাধারণ গ্রাহকরাই সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের মতে, গ্যাস সিলিন্ডার সরবরাহে বিঘ্ন ঘটায় নির্ধারিত সময়ে গ্রাহকদের হাতে সিলিন্ডার পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
তবে এ বিষয়ে গ্যাস এজেন্সির মালিক দিলীপ দাসের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *