বরাক তরঙ্গ, ২ জুন: আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া তিরোধান উৎসবের একদিন আগে শিবাজি নগর লোকনাথ মন্দিরে চুরি ও ভাঙচুরের চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। মঙ্গলবার ভোররাত চারটা থেকে সাড়ে চারটার মধ্যে দুর্বৃত্তরা মন্দিরের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে বলে জানা গেছে।
অভিযোগ, মন্দিরে ঢুকে তারা বিভিন্ন সামগ্রী তছনছ করে এবং প্রণামী বাক্স ভাঙার চেষ্টা চালায়। তবে শেষ পর্যন্ত প্রণামী বাক্স ভাঙতে ব্যর্থ হয় দুর্বৃত্তরা। ঘটনার পর মন্দির প্রাঙ্গণে উদ্বেগ ও ক্ষোভের পরিবেশ সৃষ্টি হয়েছে।
মন্দির কমিটির সদস্যা নেলি সাহা ও সোনালী কর্মকার জানান, এই ঘটনায় মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি ভক্তদের ধর্মীয় অনুভূতিতেও আঘাত লেগেছে বলে তারা মন্তব্য করেন। ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশকে অবহিত করা হয়েছে। দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিও জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা।



