যুবশক্তি ক্লাবের সংবর্ধনা কিশোর নাথকে, প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ পূজার্চনা

Spread the news

বরাক তরঙ্গ, ১৭ জুন : মুরলীধর জিপির যুবশক্তি ক্লাবের উদ্যোগে বুধবার ছোট দুধপাতিলের সন্ন্যাসীবাড়ী মন্দির প্রাঙ্গণে নবনির্বাচিত বিধায়ক কিশোর নাথকে সংবর্ধনা জানানো হয়। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবা, সুশাসন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ১২ বছর পূর্তি উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ পূজার্চনারও আয়োজন করা হয়।

বুধবার দুপুরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিজেপির বড়খলা মণ্ডল ও মুরলীধর জিপির শিবনগর গ্রামের ১৫২ ও ১৫৩ নম্বর বুথের নেতাকর্মীরা অংশ নেন। রাস্তা থেকে ফুল বর্ষণের মধ্য দিয়ে বিধায়ক কিশোর নাথকে মন্দির প্রাঙ্গণে নিয়ে আসা হয়। সেখানে তিনি প্রথমে সন্ন্যাসীবাবা ও মা কালী মন্দিরে পূজা-অর্চনা করেন এবং পরে ভারতমাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করেন।

সংবর্ধনা সভায় উপস্থিত বিশিষ্টজন ও সমাজসেবীরা উত্তরীয় ও চাদর পরিয়ে বিধায়ককে সম্মান জানান। যুবশক্তি ক্লাব এবং মুরলীধর জিপির বিজেপি সংগঠনের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা স্মারকও প্রদান করা হয়। অনুষ্ঠানে স্থানীয় মহিলা শিল্পীরা মনোজ্ঞ ধামাইল নৃত্য পরিবেশন করে সাংস্কৃতিক আবহ সৃষ্টি করেন।

এদিন সংগঠনের পক্ষ থেকে বিধায়কের হাতে দুটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। একটিতে সন্ন্যাসীবাবা মন্দির প্রাঙ্গণে একটি কমিউনিটি হল নির্মাণের দাবি এবং অন্যটিতে যুবশক্তি ক্লাবের জন্য একটি পাকা ক্লাবঘর নির্মাণের আবেদন জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুরলীধর জিপির প্রাক্তন সভাপতি রঞ্জিত কুমার সরকার বলেন, ২০১৬ সালে বিধায়ক থাকাকালীন কিশোর নাথের নেতৃত্বে এলাকায় একাধিক উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছিল। বর্তমানে এলাকার ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থার দ্রুত সংস্কার জরুরি বলে তিনি উল্লেখ করেন। জিপি সভানেত্রী অষ্টমী দাসও গ্রামের রাস্তা মেরামত এবং অরুণোদয় প্রকল্পে প্রকৃত সুবিধাভোগী মহিলাদের অন্তর্ভুক্তির দাবি জানান।

জবাবে বিধায়ক কিশোর নাথ বলেন, মুরলীধর জিপি এবার প্রথমবারের মতো তফসিলি জাতি অধ্যুষিত মডেল ভিলেজ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। তিনি দাবি করেন, গত পাঁচ বছর বড়খলা সমষ্টি উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে পড়েছিল। আগামী দিনে বেকারত্ব দূরীকরণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, উন্নত সড়ক নির্মাণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিকাশ সরকার। সভা পরিচালনা করেন বড়খলা বিজেপি মণ্ডলের সহ-সভাপতি বিক্রম দাস। উপস্থিত ছিলেন রতন রায়, প্রণয় সরকার, বিখান সরকার, গৌরমোহন সরকার, ফুলকান্ত বিশ্বাস, গৌতম রায়, শিবু সরকার, অনিল সরকার, সমীরণ সরকার, শিরীন বিশ্বাস, সুখেন সরকার, সুরানন্দ সরকার, সুরজিৎ সরকার, রিংকু সরকার, অজিত সরকার, লিটন সরকার, জয়ন্ত বিশ্বাস, রাজেশ সরকারসহ বহু বিশিষ্ট ব্যক্তি ও এলাকাবাসী।

সভা শেষে অসম দর্শন প্রকল্পের আওতায় বিভিন্ন মন্দির কমিটির হাতে দেড় লক্ষ টাকা করে অনুদানের চেক বিতরণ করেন বিধায়ক কিশোর নাথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *