বরাক তরঙ্গ, ১৩ জুলাই : হোজাই জেলার লঙ্কা এলাকায় এক নৃশংস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার একটি ধাবার সামনে ধারালো অস্ত্রের আঘাতে খুন হন এক গৃহবধূ। নিহতের নাম খুশিদা বেগম, বাড়ি লামডিং এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ধাবার সামনে স্বামী-স্ত্রীর মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। অভিযোগ, টাকা নিয়ে বিবাদের জেরে অভিযুক্ত স্বামী ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর ওপর এলোপাতাড়ি হামলা চালায়। গুরুতর জখম অবস্থায় খুশিদা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যদের অভিযোগ, টাকা না পেয়ে পরিকল্পিতভাবেই স্ত্রীকে হত্যা করেছে অভিযুক্ত স্বামী। ঘটনাটি ঘটিয়েই সে এলাকা থেকে পালিয়ে যায়। ফলে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
খবর পেয়ে লঙ্কা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের দাবি, পলাতক অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।
এই নৃশংস হত্যাকাণ্ডে লঙ্কা ও লামডিং এলাকাজুড়ে শোক ও ক্ষোভের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তবে হত্যার প্রকৃত কারণ ও ঘটনার পূর্ণ বিবরণ জানতে পুলিশের তদন্তের ফলাফলের অপেক্ষা করা হচ্ছে।



