বিশেষ প্রতিবেদক, মরিগাঁও।
বরাক তরঙ্গ, ১৭ জুন : মুসলিম ছাত্র সংস্থা, অসম (মুসা)-এর ২১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মরিগাঁও জেলার লাহরিঘাট উন্নয়ন খণ্ড কার্যালয়ের সভাকক্ষে বুধবার এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০০৫ সালের ১৭ জুন একটি ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছিল মুসলিম ছাত্র সংস্থা, অসম (মুসা)। দীর্ঘ ২১ বছর অতিক্রম করে আজ সংগঠনটি এক গৌরবময় অধ্যায়ে পদার্পণ করেছে। এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মরিগাঁও জেলার লাহরিঘাট উন্নয়ন খণ্ড কার্যালয়ের সভাকক্ষে এক বিশেষ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশিক রাব্বানি। এদিন প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা হয়। তারপর পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে সভাকক্ষের প্রাঙ্গণে বৃক্ষরোপণ, উন্মুক্ত সভা ও কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়।

প্রকাশ্য সভায় আমন্ত্রিত শিক্ষাবিদরা উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে অত্যন্ত মূল্যবান ও প্রেরণামূলক বক্তব্য রাখেন। তাঁরা শিক্ষার্থীদের আগামী দিনে সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।সভার শেষে বৃহত্তর লাহরিঘাট অঞ্চলের দশম ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষায় দুর্দান্ত ফলাফল করা কৃতী ছাত্রছাত্রীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সংগঠনের পক্ষ থেকে প্রত্যেক কৃতি শিক্ষার্থীকে একটি করে ফুলাম গামছা, একটি কলম এবং একটি সংবর্ধনা পত্র দিয়ে সম্মানিত করা হয়। আজকের এই সভায় উপস্থিত ছিলেন মুসলিম ছাত্র সংস্থা, অসম-এর কেন্দ্রীয় সভাপতি আশিক রাব্বানি, সাধারণ সম্পাদক ক্রমে রফিকুল ইসলাম (প্রশাসনিক), মাইনুল ইসলাম এবং জহিরুল খলিফা। এছাড়াও উপস্থিত ছিলেন লাহরিঘাট সমজেলা সাংবাদিক সংস্থার সভাপতি তথা সিনিয়র সাংবাদিক আবুল কালাম, জিন্টু ডেকা, জেহিরুল ইসলাম ও সাদ্দাম হোসেনসহ স্থানীয় বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ।



