রাজ্যজুড়ে শহিদ কুশল কোঁওরের আত্মবলিদান দিবস পালন এআইডিএসও-র

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ জুন : ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম বীর বিপ্লবী এবং অসমের শিবসাগর জেলার গর্বিত সন্তান শহিদ কুশল কোঁওরের আত্মবলিদান দিবস রবিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করেছে এআইডিএসও-র আসাম রাজ্য কাউন্সিল। এই উপলক্ষে গুয়াহাটির নেহেরু পার্কে অবস্থিত শহিদ কুশল কোঁওরের মূর্তিতে সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান এআইডিএসও অসম রাজ্য কাউন্সিলের সভাপতি হিল্লোল ভট্টাচার্য, সম্পাদক হেমন্ত পেগু এবং সহ-সভাপতি পল্লব পেগু। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের অফিস সম্পাদক রূপশ্রী গোস্বামী।

গুয়াহাটির পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলা ও সমজেলাতেও শহিদ কুশল কোঁওরের স্মরণে নানা কর্মসূচির আয়োজন করা হয়। তেজপুর, যোরহাট, নলবাড়ি, লখিমপুর এবং শিলচরসহ বিভিন্ন স্থানে এআইডিএসও-র স্থানীয় কমিটিগুলোর উদ্যোগে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য অর্পণ এবং তাঁর জীবনাদর্শ ও আত্মত্যাগ নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

এ দিকে, শিলচরের উকিলপট্টিতেও শহিদ কুশল কোঁওরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন এআইডিএসও-র জেলা কমিটির সদস্যরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের স্বাধীনতার জন্য কুশল কোঁওরের মতো বিপ্লবীদের আত্মত্যাগ চিরকাল দেশের যুবসমাজকে অনুপ্রাণিত করবে। তাঁর আদর্শ ও সংগ্রামী চেতনাকে ধারণ করে বর্তমান সমাজে বিদ্যমান শোষণ-বঞ্চনার বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার জন্য ছাত্রছাত্রীদের এগিয়ে আসার আহ্বান জানান সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *