বরাক তরঙ্গ, ১৫ জুন : আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে রাজ্যে একাধিক ভিভিআইপি ও কেন্দ্রীয় সরকারের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের সম্ভাব্য সফরকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতি জোরদার করেছে অসম সরকার। সেই প্রস্তুতির অংশ হিসেবে সোমবার গুয়াহাটির সোনাপুরস্থিত মেফেয়ার রিসোর্ট পরিদর্শন করেন পাথারকান্দির বিধায়ক তথা জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। পরিদর্শনকালে তিনি একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে অংশ নেন। বৈঠকে বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ ও নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরা, প্রোটোকল বিভাগের কর্মকর্তারা এবং ভেন্যু পরিচালনার সঙ্গে যুক্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা-র নির্দেশে আয়োজিত এই পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল সম্ভাব্য ভিভিআইপি সফর উপলক্ষে গৃহীত প্রস্তুতির অগ্রগতি সরেজমিনে পর্যালোচনা করা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলির মধ্যে সমন্বয় আরও সুদৃঢ় করা।
মন্ত্রী কৃষ্ণেন্দু পাল রিসোর্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন। বিশেষ গুরুত্ব দেওয়া হয় অতিথিদের আবাসন ব্যবস্থা, নিরাপত্তা বলয়, যাতায়াত ও লজিস্টিক ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি, যোগাযোগ ব্যবস্থা এবং প্রোটোকল সংক্রান্ত বিষয়গুলির ওপর। এছাড়াও ভিভিআইপিদের আগমন ও প্রস্থানের সম্ভাব্য রুট, যান চলাচল নিয়ন্ত্রণ, পার্কিং ব্যবস্থা, মিডিয়া সমন্বয়, বিদ্যুৎ ও পানীয় জলের নিরবচ্ছিন্ন সরবরাহ, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখা হয়।

বৈঠকে মন্ত্রী স্পষ্ট নির্দেশ দেন যে, সফরের সঙ্গে যুক্ত প্রতিটি কার্যক্রমে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখতে হবে এবং কোনও ধরনের ত্রুটি বা অব্যবস্থাপনার সুযোগ রাখা যাবে না। তিনি বলেন, অসম বর্তমানে দেশের অন্যতম দ্রুত উন্নয়নশীল রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। তাই আগত অতিথিদের সামনে রাজ্যের আতিথেয়তা, শৃঙ্খলা ও উন্নয়নের ইতিবাচক চিত্র তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মন্ত্রী আরও বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্য সরকার প্রশাসনিক দক্ষতা ও উন্নয়নের যে দৃষ্টান্ত স্থাপন করেছে, আসন্ন সফরগুলির মাধ্যমে তা আরও সুস্পষ্টভাবে প্রতিফলিত হবে। তিনি সংশ্লিষ্ট বিভাগগুলিকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে নিরাপত্তা, আবাসন, স্বাস্থ্যসেবা ও প্রোটোকল ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মান বজায় রাখার নির্দেশ দেন।
পরিদর্শন শেষে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানান, প্রস্তুতির প্রতিটি দিক বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়েছে। কোথাও কোনও ঘাটতি থাকলে তা দ্রুত সংশোধনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আসন্ন ভিভিআইপি সফরের প্রতিটি কর্মসূচি নির্বিঘ্ন, সুশৃঙ্খল ও স্মরণীয় করে তুলতে রাজ্য সরকার সম্পূর্ণ প্রস্তুত বলেও তিনি জানান।



