বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতঘর সহ পাঁচ লক্ষ টাকা ও আসবাবপত্র

Spread the news

বরাক তরঙ্গ, ২১ মে : কাটিগড়া বিধানসভা এলাকার সিদ্ধেশ্বর জিপির শিবচর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে এক হতদরিদ্র চানা-মটর ব্যবসায়ী পরিবারের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বন্ধন থেকে নেওয়া ঋণের তিন লক্ষ টাকা, ব্যবসার জন্য জমানো আরও দুই লক্ষ নগদ অর্থ, স্বর্ণালংকার, আসবাবপত্র, কাপড়চোপড়-সহ ঘরের সমস্ত মূল্যবান সামগ্রী।

জানা গেছে, ক্ষতিগ্রস্ত পরিবারের কর্তা রঞ্জিত দাস দীর্ঘদিন ধরে চানা-মটরের ছোট ব্যবসা করে কোনোমতে সংসার চালাতেন। ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে তিনি বন্ধন থেকে ঋণ গ্রহণ করেছিলেন। পাশাপাশি দীর্ঘদিনের কষ্টার্জিত সঞ্চয়ের টাকাও ঘরেই রাখা ছিল। কিন্তু আচমকা আগুন লাগার ঘটনায় মুহূর্তের মধ্যেই তাঁদের সমস্ত স্বপ্ন ভস্মীভূত হয়ে যায়। ঘটনার সময় ঘরে কেউ উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।

এ দিন দুপুর প্রায় ১টা নাগাদ স্থানীয় বাসিন্দারা ঘর থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়রা নিজেদের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে অল্প সময়ের মধ্যেই পুরো ঘরটি আগুনে গ্রাস করে নেয়। পাশাপাশি প্রদেশ দাসের বাড়িতেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। পরে খবর পেয়ে বদরপুর ও কাটিগড়া থেকে দমকল বাহিনীর দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের ভেতরে থাকা প্রায় সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে অনুমান করা হচ্ছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারটি চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসন ও বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের কাছে দ্রুত আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কাটিগড়া ও পাঁচগ্রাম পুলিশ প্রশাসনের আধিকারিকরা, সিদ্ধেশ্বর জিপি সভাপতি রিপন রায়, গোবিন্দপুর জিপি সভানেত্রীর প্রতিনিধি শান্তু দাস, পাঁচগ্রাম জিপি সভাপতি হীরালাল দাস, সমাজসেবী নারায়ণ চন্দ্র দেব (বাবু), তপন দাস, চিরঞ্জিত দাস (ভাস্কর), মিঠুন দাস, শচীন্দ্র চন্দ্র দাস, রুহন দাস, সুমিত দাস ও অপু দাস প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *