বরাক তরঙ্গ, ১৬ মে : ত্রিপুরার খোয়াইয়ে নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে উত্তাল ছাত্র আন্দোলন। সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শনিবার খোয়াই শহরে তীব্র বিক্ষোভ কর্মসূচি পালন করল এসএফআই খোয়াই বিভাগীয় কমিটি। লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগ তুলে সংগঠনের পক্ষ থেকে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুতুল দাহ করে ক্ষোভ উগরে দেন আন্দোলনকারীরা।
গত ৩ মে অনুষ্ঠিত নিট-ইউজি পরীক্ষার আগেই রাজস্থানে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। দেশ-বিদেশ মিলিয়ে প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। পরবর্তীতে সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন মহলে ফাঁস হওয়া প্রশ্নপত্রের সঙ্গে মূল পরীক্ষার প্রশ্নপত্রের মিল পাওয়া গেছে বলেও দাবি করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সংগঠনের অভিযোগ, একের পর এক সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম সামনে আসায় ছাত্রসমাজের আস্থা ক্রমশ নষ্ট হচ্ছে। এসএফআই নেতৃত্বের দাবি, ন্যাশনাল টেস্টিং এজেন্সির চরম গাফিলতি এবং কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের ব্যর্থতার কারণেই মেধাবী ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। তাঁরা বলেন, শিক্ষাব্যবস্থাকে দুর্নীতি ও প্রশ্নপত্র ফাঁস চক্রের হাত থেকে রক্ষা করতে অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
এদিকে, এনটিএ সূত্রে খবর, পরীক্ষা শেষ হওয়ার কয়েকদিন পর বিষয়টি তাদের নজরে আসে এবং পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে গোটা ঘটনার বিষয়ে অবহিত করা হয়। ইতিমধ্যে রাজস্থান ও উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় তদন্তকারী সংস্থাগুলি তল্লাশি অভিযান শুরু করেছে বলে জানা গেছে।
এদিনের কর্মসূচি থেকে এসএফআই নেতৃত্ব অবিলম্বে ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি জানায়। পাশাপাশি প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিও তোলা হয়। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন সংগঠনের



