কাল শিলচরে মুখ্যমন্ত্রী, পুর নির্বাচনের প্রচারে জনসভা

Spread the news

রূপক চক্রবর্তী ও বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর : শিলচর পুর নিগম নির্বাচনকে সামনে রেখে বুধবার শিলচরে আসছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর পুর নিগম নির্বাচনকে কেন্দ্র করে এটাই তাঁর শিলচর সফর বলে জানিয়েছে বিজেপি। বুধবার বিকেল ৪টায় শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার শিলচর জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর সফরের কর্মসূচি জানান রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী কৌশিক রায়। তিনি জানান, বুধবার কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছানোর পর মুখ্যমন্ত্রী বরাক ভ্যালি অসম সচিবালয়ে যাবেন। সেখানে বিভিন্ন বিভাগের কাজকর্ম নিয়ে পর্যালোচনা বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। এরপর বিকেলে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি।
কৌশিক রায় বলেন, শিলচরকে ঘিরে মুখ্যমন্ত্রীর একাধিক পরিকল্পনা ও ভিশন রয়েছে। বুধবারের জনসভা থেকে মুখ্যমন্ত্রী সেই পরিকল্পনা এবং আগামী দিনের উন্নয়নের রূপরেখা তুলে ধরবেন। বরাক উপত্যকার মানুষের উদ্দেশে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে চলেছে বলেও দাবি করেন তিনি।

সম্প্রতি শিলচর পুর নিগম নির্বাচনকে সামনে রেখে বিজেপির ‘সংকল্প পত্র’ প্রকাশ করা হয়েছে। দলীয় প্রচারে ওই সংকল্প পত্রে উল্লেখিত উন্নয়ন পরিকল্পনা ও প্রতিশ্রুতিগুলি সাধারণ মানুষের সামনে তুলে ধরা হচ্ছে বলে জানান মন্ত্রী। তাঁর দাবি, ‘সংকল্প পত্র’-এর মাধ্যমে উন্নত ও স্বপ্নের শিলচর গড়ার পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরেছে বিজেপি।

এদিনের সাংবাদিক সম্মেলনে SIR বা Special Intensive Revision নিয়েও কংগ্রেসের অভিযোগের জবাব দেন সাংসদ কণাদ পুরকায়স্থ। তাঁর দাবি, ভোটার তালিকা সংশোধন নির্বাচন কমিশনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবির প্রসঙ্গেও কংগ্রেসের সমালোচনা করেন তিনি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, সাংসদ সুস্মিতা দেব, বিধায়ক ডাঃ রাজদীপ রায় এবং বিধায়ক রাজদীপ গোয়ালা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *