বরাক তরঙ্গ, ১৬ মে : নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করল এআইডিএসও-র গুয়াহাটি জেলা কমিটি। শনিবার শহরের ভলভো পয়েন্টে সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং গোটা ঘটনার উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ‘ন্যাশনাল টেস্টিং এজেন্সি’ (এনটিএ) বাতিলের দাবিও তোলা হয়।
সংগঠনের নেতৃত্বের অভিযোগ, এনটিএ-র দায়িত্বজ্ঞানহীনতা ও দুর্নীতির কারণেই দেশের লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা এবং পরীক্ষার স্বচ্ছতা রক্ষা করতে ব্যর্থ হওয়ার জন্য এনটিএ-কে অবিলম্বে বাতিল করার দাবি জানান বিক্ষোভকারীরা। এআইডিএসও-র পক্ষ থেকে জানানো হয়, নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।
সংগঠনের গুয়াহাটি জেলা কমিটি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, সরকার যদি শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি গুরুত্ব না দেয়, তাহলে আগামী দিনে রাজ্যজুড়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ও শিক্ষার্থীদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলেও জানানো হয়েছে।



