বিয়ের আনন্দ মুহূর্তেই পরিণত হল শোকে, দুর্ঘটনায় মৃত্যু কনের ভাইয়ের

Spread the news

বরাক তরঙ্গ, ১৬ মে : বোনের বিয়ের আনন্দ করা আর হল না। বাড়িতে চলছিল বিয়ের অনুষ্ঠান, সবাই ছিল আনন্দে, কিন্তু মুহূর্তেই পরিণত হল শোকে। কনের ভাইয়ের মৃত্যুর খবর পৌঁছতেই পরিবারে ভেঙে পড়ল আকাশ। ঘটনাটি উদালগুড়ির ডিমাকুচির।

রাজাগড় ধর্মজুলি এলাকার সুরেশ রাজভরের বাড়িতে মেয়ে পূজা রাজভরের বিয়েকে ঘিরে চলছিল জোর প্রস্তুতি। পরিবারের সকল সদস্যের সঙ্গে বিয়ের যাবতীয় আয়োজনের মূল দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন কনের ভাই সুধামা রাজভর।

জানা গেছে, বিয়ের বিভিন্ন কাজ সেরে বাইকে রাজাগড় থেকে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েন সুধামা। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত গৌহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (GMCH)-এ ভর্তি করা হয়। তবে দীর্ঘ চিকিৎসার পর শেষ পর্যন্ত মৃত্যুর সঙ্গে লড়াইয়ে হার মানেন তিনি।

এদিকে, বাড়িতে যখন বিয়ের শুভ আচার-অনুষ্ঠান চলছিল, ঠিক সেই সময় হাসপাতাল থেকে এসে পৌঁছায় সুধামার নিথর দেহ। আনন্দে মুখর বাড়ি মুহূর্তের মধ্যেই ভরে ওঠে কান্না ও আহাজারিতে।
সবচেয়ে হৃদয়বিদারক দৃশ্য ছিল, বিয়ের সাজেই নিজের প্রিয় ভাইকে শেষ বিদায় জানান কনে পূজা রাজভর। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সমগ্র ডিমাকুচি ও রাজাগড় এলাকাজুড়ে। স্থানীয় বাসিন্দারাও এই ঘটনায় গভীরভাবে শোকাহত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *