বরাক তরঙ্গ, ১ মে : মাদকবিরোধী অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল লক্ষীপুর থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার করেছে। কান্থাগ্রাম সংলগ্ন ৩৭ নম্বর জাতীয় সড়কে একটি চেকিং বসিয়ে এই সাফল্য পায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযান চলাকালীন দুই আরোহীসহ একটি মাহিন্দ্রা বোলেরো গাড়িকে সন্দেহের ভিত্তিতে আটক করা হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। তল্লাশিতে উদ্ধার হয় প্রায় ১.০৬৫ কেজি সন্দেহজনক মরফিন। এছাড়াও দু’টি সাবানের কেসের মধ্যে লুকিয়ে রাখা অবস্থায় ২২ গ্রাম সন্দেহজনক হেরোইন পাওয়া যায়। পুলিশ মাহিন্দ্রা বোলেরো (MZ05A 8164) এবং দু’টি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করে।
উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ২ কোটিরও বেশি বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পুরো চক্রের সঙ্গে যুক্ত অন্যান্যদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।



