দ্বিতীয় মেয়াদের প্রথম মন্ত্রিসভা বৈঠক হিমন্তর, একাধিক সিদ্ধান্ত গৃহীত

Spread the news

বরাক তরঙ্গ, ১৩ মে : আজ হিমন্ত বিশ্ব শর্মা সরকারের দ্বিতীয় মেয়াদের প্রথম মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। দ্বিতীয় মেয়াদের প্রথম দিনেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রিসভার বৈঠকের আয়োজন করেন। বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

মুখ্যমন্ত্রী বলেন, “সরকার শপথ গ্রহণের পরই প্রথম মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ থেকেই সরকার দায়িত্ব গ্রহণের বার্তা দিতে চাইছি। খুব শীঘ্রই বিভিন্ন দপ্তরের কাজ শুরু হবে। বিধানসভার অধিবেশন শেষ হওয়ার পর পূর্ণাঙ্গ মন্ত্রিসভা ঘোষণা করা হবে।”

মন্ত্রিসভার বৈঠকে আগামী ২৬ মে UCC বিধানসভায় উত্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। UCC-র খসড়া আজকের বৈঠকে অনুমোদন পেয়েছে। জানানো হয়েছে, জনজাতীয় জনগোষ্ঠীকে UCC-র আওতার বাইরে রাখা হবে। পাশাপাশি ধর্মীয় প্রথা ও পরম্পরাকেও UCC থেকে বাদ দেওয়া হবে। এই আইনে বিয়ের ন্যূনতম বয়স, বহুবিবাহ এবং নারীদের সম্পত্তির অধিকারের বিষয় অন্তর্ভুক্ত থাকবে।

দুই লক্ষ চাকরির নিয়োগ প্রক্রিয়ার জন্য মুখ্য সচিবের নেতৃত্বে একটি টাস্ক ফোর্স গঠন করা হবে। এই টাস্ক ফোর্স আগামী তিন মাসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে।

আগামী ২১, ২২, ২৫ এবং ২৬ মে বিধানসভার অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশন শেষ হওয়ার পরই মন্ত্রিসভার সম্প্রসারণ করা হবে।

মন্ত্রিসভা বিজেপির নির্বাচনী ইস্তেহারকে রাজ্যের উন্নয়নের খসড়া হিসেবে গ্রহণ করেছে। আগামী ৮ সেপ্টেম্বর নয়াদিল্লির ভারত মণ্ডপে ভূপেন হাজরিকার জন্মশতবার্ষিকীর সমাপ্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়াও দেবজিতলৎ লন শইকিয়াকে পুনরায় পাঁচ বছরের জন্য রাজ্যের মহাধিবক্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ব্যয় সংকোচনের অংশ হিসেবে আগামী ছয় মাস রাজ্য সরকার নতুন গাড়ি ক্রয় করবে না। মন্ত্রীদেরও নতুন গাড়ি দেওয়া হবে না। ভাড়ায় গাড়ি নিলে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর কনভয় কমানোর পাশাপাশি রাজ্যপাল, মন্ত্রী ও সরকারি আধিকারিকদের কনভয়ও ছোট করা হবে।

কোনও মন্ত্রী বা সরকারি আধিকারিক আগামী ছয় মাস বিদেশ সফরে যেতে পারবেন না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি ও ব্যক্তিগত— উভয় ধরনের বিদেশ সফরের উপরই নিষেধাজ্ঞা জারি থাকবে। বিদেশে অনুষ্ঠিত বৈঠক ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্পন্ন করা হবে। পাশাপাশি আগামী ছয় মাস রাজ্য সরকার কোনও বিদেশি সামগ্রী ক্রয় করবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়াও, ১৫ থেকে ২০ বছর পুরনো পেট্রোল ও ডিজেলচালিত গাড়ি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার পূর্বের তুলনায় ২০ শতাংশ কম পেট্রোল-ডিজেল ক্রয় করবে বলেও ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *