দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৬ এপ্রিল : শহরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংস্থা গণ-সুরের দ্বিবার্ষিক সাধারণ সভায় আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন অঞ্জন স্বামী এবং সম্পাদক হয়েছেন দেবাশিস সোম।
সভায় সভাপতির প্রারম্ভিক বক্তব্যের পর সম্পাদকীয় ও আর্থিক প্রতিবেদন পেশ করা হয়, যা উপস্থিত সদস্যদের সম্মতিতে গৃহীত হয়। বিদায়ী সম্পাদক বিভাস রায় তাঁর প্রতিবেদনে গত দুই বছরে সংস্থার বিভিন্ন অনুষ্ঠান, মঞ্চনাটক ও অন্যান্য কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন। নাট্যজগতে সাম্প্রতিক সাফল্যের জন্য শিল্পীদের অভিনন্দন জানান তিনি। পাশাপাশি হলঘর ব্যবহারের সুযোগ ও সহযোগিতার জন্য ব্যবস্থাপক পরিমল রায়কে ধন্যবাদ জ্ঞাপন করেন। কোষাধ্যক্ষ প্রদ্যুৎ কুমার দাস আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন।
সভায় সংস্থার ক্রীড়া ক্ষেত্রেও সাফল্যের উল্লেখ করা হয়। বিশেষ করে দ্বিতীয় ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতায় দলের পারফরম্যান্সের প্রশংসা করা হয়। এছাড়া এবারের রূপম প্রতিযোগিতায় গণ-সুরের নাটক ‘হারানো প্রাপ্তি’ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভাপতি জয়ন্ত কুমার দাস অভিনেতা আশীষ ভৌমিকের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন। আলোচনায় অংশ নিয়ে বিজয় খান, সুব্রত রায় শম্ভু, রুমি রায়, বিভাস রায় ও সুজিত পাল নাটকটির সাফল্য, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত দেন।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রুমি রায় ও সুদীপ্ত দেব রায়। যুগ্ম সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন অঞ্জলি দাস ও অনির্বাণ রায়। কোষাধ্যক্ষ হিসেবে রাজকুমার রায়, ক্রীড়া সম্পাদক হিসেবে প্রসেনজিৎ ভট্টাচার্য এবং সংস্কৃতি সম্পাদক হিসেবে সুদীপ্ত দেব রায় ও রুমি রায় নির্বাচিত হয়েছেন।
কার্যকরী সদস্য হিসেবে আশিস ভৌমিক, জয়ন্ত কিশোর দাস, বিভাস রায়, গৌরাচাঁদ রায়, সুব্রত রায়, বিজয় খান ও প্রদ্যুৎ কুমার দাস দায়িত্ব পেয়েছেন। দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি অঞ্জন স্বামী বলেন, “এটি ক্ষমতার নয়, দায়িত্বের আসন। সকলের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া সংস্থার কাজ এগিয়ে নেওয়া সম্ভব নয়।”
অন্যদিকে নবনির্বাচিত সম্পাদক দেবাশিস সোম সংস্থার প্রাক্তন সভাপতিদের স্মরণ করে সম্মিলিত প্রচেষ্টায় গণ-সুরকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।



