কে এ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ১৩ মে : হিমন্ত বিশ্ব শর্মার শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না এক শিক্ষকের। শপথ অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ট্রেনে মৃত্যু ঘটল লক্ষীপুরের ছোটমামদার বাসিন্দা তথা ৭৭০ নম্বর ছোটমামদা এলপি স্কুলের প্রধান শিক্ষক রামকেবল কুর্মীর। তিনি দীর্ঘদিন ধরে বিজেপির একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত ছিলেন।
জানা গেছে, সোমবার দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে ট্রেনে করে তিনি গুয়াহাটি রওনা দেন শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে। মঙ্গলবার অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার পর সন্ধ্যার দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং রক্তচাপ বেড়ে যায়। সঙ্গে থাকা সহযাত্রীরা দ্রুত তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে রাতেই তাঁরা শিলচর ফেরার ট্রেনে ওঠেন।
সহযাত্রীদের বক্তব্য অনুযায়ী, এসি কামরায় রাত পর্যন্ত গল্পগুজব করার পর সবাই ঘুমিয়ে পড়েন। বুধবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ এক সহযাত্রীর ঘুম ভাঙলে তিনি দেখতে পান রামকেবল কুর্মী সিটের নিচে পড়ে রয়েছেন। ঘটনাস্থলটি জাটিঙ্গার আশেপাশে বলে অনুমান করা হচ্ছে। পরে অন্যান্য যাত্রীদের ডেকে তাঁকে পরীক্ষা করে দেখা হলে জানা যায়, তিনি আর বেঁচে নেই। সঙ্গে সঙ্গে রেল কামরায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। শিলচর রেলস্টেশনে পৌঁছানোর পর তাঁর দেহ শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মৃতদেহ ছোটমামদায় তাঁর বাড়িতে নিয়ে আসা হয়। খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসী ভিড় জমান তাঁর বাড়িতে। এদিনই শেষকৃত্য সম্পন্ন হয়।
উল্লেখ্য, রামকেবল কুর্মী নিঃসন্তান ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ভাই এবং দুই বিবাহিত বোনকে রেখে গেছেন। চাকরি থেকে অবসর নেওয়ার এখনও প্রায় এক বছর বাকি ছিল তাঁর। বয়স হয়েছিল ৫৯ বছর। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা ছোটমামদা এলাকায়।



