জল-বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ, সাংবাদিকদের হুমকি, মামলা

Spread the news

বরাক তরঙ্গ, ১২ মে : পানীয়জল ও বিদ্যুতের দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে চাকমাঘাট পূর্ব বাজার এলাকা। রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা কৃষ্ণপুরের বিধায়ক বিকাশ দেববর্মার নির্বাচনী কেন্দ্রেই অসম-আগরতলা জাতীয় সড়ক অবরোধকে ঘিরে সৃষ্টি হয় ব্যাপক উত্তেজনা।

স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের জল ও বিদ্যুৎ সমস্যার সমাধানের দাবিতে জাতীয় সড়ক অবরোধে সামিল হন। প্রায় দুই থেকে তিন ঘণ্টা ধরে চলা এই অবরোধের জেরে সড়কের দু’পাশে অসংখ্য যানবাহন আটকে পড়ে। চরম ভোগান্তির শিকার হন সাধারণ যাত্রীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসনের আধিকারিকরা এবং মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হলেও এলাকায় উত্তেজনা অব্যাহত থাকে।

এদিকে, অবরোধ চলাকালীন সংবাদ সংগ্রহ করতে গিয়ে কয়েকজন সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার ও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। সাংবাদিক হিরন্ময় রায়-সহ একাধিক সংবাদকর্মীর উপর হামলা ও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। স্থানীয় যুবক সুব্রত দাসও আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনার পর সাংবাদিক হিরন্ময় রায় তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে সাংবাদিকতার কাজে বাধা, হুমকি ও দুর্ব্যবহারের বিষয় উল্লেখ করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় মহলের একাংশের দাবি, জল ও বিদ্যুতের ন্যায্য দাবিকে ঘিরে পরিস্থিতি ধীরে ধীরে আরও জটিল হয়ে উঠছে। যদিও এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *