প্রবল ঝড়ে মাথায় ভেঙে পড়ে নারকেল গাছ, মর্মান্তিক পরিণতি দশম শ্রেণির ছাত্রীর

Spread the news

১ মে : মাথায় নারকেল গাছ ভেঙে পড়ে মৃত্যু দশম শ্রেণির ছাত্রীর। বৃহস্পতিবার রাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবারে পারুলিয়া কোস্টাল থানার আব্দালপুর গ্রামে। মৃত ছাত্রীর নাম অঙ্কিতা কয়াল (১৫)। বৃহস্পতিবার রাতে টিউশন থেকে বাড়ি ফিরছিল সে। সেই সময়ে প্রবল ঝড়ের মধ্যে অঙ্কিতার উপরে একটি নারকেল গাছ ভেঙে পড়ে। ঘটনায় শোকের ছায়া এলাকায়।

স্থানীয়দের দাবি, পারুলিয়া হাইস্কুলের ছাত্রী অঙ্কিতা বৃহস্পতিবার সন্ধ্যায় টিউশন সেরে বন্ধুদের সঙ্গে সাইকেলে বাড়ি ফিরছিল। হঠাৎই শুরু হয় ঝড়-বৃষ্টি। বন্ধুরা অপেক্ষা করলেও, তাড়াহুড়োয় অঙ্কিতা একাই বাড়ির উদ্দেশে রওনা দেয়। আর সেখানেই ঘটে বিপত্তি। ঝড়ের দাপটে একটি নারকেল গাছ ভেঙে পড়ে তার উপরে।

রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে অঙ্কিতা। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমরা এই ঘটনায় মর্মাহত। পাড়ায় একটি হরি নামের অনুষ্ঠান ছিল। সেই সব বাতিল করা হয়েছে। আমাদের পাড়ার খুব ভালো মেয়ে ছিল। ওর মৃত্যুতে আমরা বাকরুদ্ধ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *