মার্ঘেরিটা চা বাগানে ভূমি পট্টা নিয়ে উত্তেজনা, দুই পক্ষের সংঘাতে চাঞ্চল্য

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ এপ্রিল : তিনসুকিয়া জেলার মার্ঘেরিটা চা বাগানে বুধবার সরকারি ভূমি পট্টা কেন্দ্র করে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। চা জনজাতি সম্প্রদায়কে ভূমি পট্টা প্রদান নিয়ে সরকারের সাম্প্রতিক উদ্যোগের মধ্যেই জমির মালিকানা ঘিরে এই বিরোধের সূত্রপাত ঘটে।

ঘটনার বিবরণ অনুযায়ী, ৮৩ নম্বর মার্ঘেরিটা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ওই এলাকায় সরকারি প্রকল্পের অধীনে এক শ্রমিককে বরাদ্দ দেওয়া জমি ও বাড়ির দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।

মার্ঘেরিটা চা-বাগানের শ্রমিক লক্ষ্মী চানিকার অভিযোগ, সরকার তাকে নিয়ম মেনে ভূমি পট্টা ও একটি বাড়ি প্রদান করেছে। কিন্তু এ সি জাল নামে এক ব্যক্তি ওই জমি ও বাড়িটি অবৈধভাবে দখল করে রেখেছেন বলে অভিযোগ। লক্ষ্মী চানিকা জানান, বৈধ সরকারি নথিপত্র থাকা সত্ত্বেও তিনি তার প্রাপ্য সম্পত্তির দখল নিতে পারছেন না।

অন্যদিকে, অভিযুক্ত এ সি জাল অভিযোগ অস্বীকার করে দাবি করেন, বাগানের পুরনো প্রশাসনিক নিয়ম অনুযায়ী কর্তৃপক্ষ পূর্বেই ওই বাড়িটি তাকে বরাদ্দ দিয়েছিল। এই পরস্পরবিরোধী দাবির ফলে বাগানের সাধারণ শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে। বিশেষ করে সরকারি পট্টার আইনি বৈধতা এবং বাগান কর্তৃপক্ষের প্রচলিত বরাদ্দ ব্যবস্থার মধ্যে অসঙ্গতির কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

বুধবার সকালে এই বিরোধ চরম আকার ধারণ করলে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মার্ঘেরিটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পুলিশ উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে মীমাংসার উদ্যোগ নিলেও এখনও পর্যন্ত কোনো স্থায়ী সমাধান সূত্র খুঁজে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *