পাথারকান্দির ঐতিহাসিক আলকাপ্পা নালা মৃতপ্রায়, জলাবদ্ধতায় শত শত বিঘা জমি; ব্যক্তিগত উদ্যোগে পরিষ্কারে গ্রুপ সদস্য

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩১ জুলাই :
পাথারকান্দি এলাকার পয়লামুলি গ্রামের ঐতিহাসিক আলকাপ্পা নালা দীর্ঘদিনের অবহেলা ও সংস্কারের অভাবে কার্যত মৃতপ্রায় হয়ে পড়েছে। কচুরিপানা, আগাছা, পলি ও আবর্জনায় নালার জলপ্রবাহ প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় চলতি বর্ষায় শত শত বিঘা কৃষিজমি জলমগ্ন হয়ে পড়েছে। এতে চাষাবাদ ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকার কৃষকরা।

স্থানীয়দের অভিযোগ, বহুবার সংশ্লিষ্ট দপ্তরের কাছে নালাটি সংস্কারের দাবি জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এই পরিস্থিতিতে ভুরুঙ্গা গ্রাম পঞ্চায়েতের ৭ নম্বর ওয়ার্ডের গ্রুপ সদস্য আরিফ উদ্দিন তালুকদার ব্যক্তিগত অর্থ ব্যয়ে নালা পরিষ্কারের কাজ শুরু করেছেন। শ্রমিক ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সাহায্যে কচুরিপানা, আগাছা ও আবর্জনা অপসারণের কাজ চলছে, যাতে দ্রুত পানি নিষ্কাশন হয়ে কৃষকরা চাষাবাদ শুরু করতে পারেন।

আরিফ উদ্দিন তালুকদার জানান, প্রশাসনের দ্বারস্থ হলেও দীর্ঘদিন কোনও ফল মেলেনি। কৃষকদের দুর্দশা দেখে তিনি আর অপেক্ষা না করে নিজ উদ্যোগে কাজ শুরু করেন। তাঁর কথায়, “কৃষক বাঁচলে কৃষি বাঁচবে, আর কৃষি বাঁচলেই এলাকা বাঁচবে।”

এদিকে, আলকাপ্পা নালার বর্তমান করুণ অবস্থার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। নেটিজেনদের একাংশ প্রশাসনের নিষ্ক্রিয়তার সমালোচনা করেছেন, আবার অনেকেই আরিফ উদ্দিন তালুকদারের উদ্যোগের প্রশংসা করেছেন।

স্থানীয় বাসিন্দারা জেলা প্রশাসন, জেলা আয়ুক্ত, স্থানীয় বিধায়ক, জলসম্পদ বিভাগ এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের কাছে নালাটির পূর্ণাঙ্গ খনন, সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন। তাঁদের মতে, আলকাপ্পা নালার স্থায়ী পুনরুদ্ধার না হলে প্রতিবছরই জলাবদ্ধতায় কৃষি উৎপাদন ও স্থানীয় অর্থনীতি বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *