নিরাময়-স্কুল অব যোগ এডুকেশন-এর অধীন ইন্টার্নশিপ কাছাড় কলেজের অর্ধ শতাধিক পড়ুয়ার

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর : যোগ বিষয়ে ইন্টার্নশিপ করল কাছাড় কলেজের  অর্ধ শতাধিক পড়ুয়া। পরিচালনায় ছিল শিলচর নিরাময়-স্কুল অব যোগ এডুকেশন। “হলিস্টিক লাইফস্টাইল অ্যন্ড যৌগিক ওয়েলনেস” শীর্ষক এই ইন্টার্নশিপ প্রোগ্রামের শ‌ংসাপত্র বিতরণ ছিল ১৩ অক্টোবর, মঙ্গলবার।  ওই দিন ৭০ প্রশিক্ষার্থীর  হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয় নিরাময়ের পক্ষ থেকে।  অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের ডিরেক্টর ড. সুভাষ দেবনাথ। তাঁর কথায়, যোগ ও হলিস্টিক বিষয় নিয়ে ইন্টার্নশিপ সত্যি অভিনব। ছাত্রছাত্রীকে এমন সুযোগ করে দেওয়ার জন্য কলেজের প্রতি সন্তোষ প্রকাশ করেন তিনি। যোগ শিক্ষার প্রচার-প্রসার নিয়ে নিরাময়ের সঠিক ও সময়োপযোগী পরিকল্পনা সহ  প্রজেক্ট প্রশংসার দাবি রাখে, মন্তব্য ড. সুভাষ দেবনাথের।

অধ্যক্ষ ড. অপ্রতিম নাগের কথায়, নিরাময়ের সঙ্গে কাছাড় কলেজের সমঝোতা চুক্তি স্বাক্ষরের পর এটা একটি বড় উদ্যোগ। প্রথমবার যোগ বিষয়ে ইন্টার্নশিপ করেছে ছাত্রছাত্রীরা। পড়ুয়াদের আগ্রহ ও ব্যাপক সাড়াই ছিল প্রোগ্রামের সাফল্যের চাবিকাঠি। এই ইন্টার্নশিপ প্রোগ্রামে কলেজের তরফে সক্রিয় ভূমিকা আদায়ের জন্য হিন্দি বিভাগের প্রধান ড. শঙ্কর শর্মা ও সংস্কৃতের বিভাগীয় প্রধান ড. নয়না গোস্বামীর কথা আলাদাভাবে উল্লেখ করেন।

কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরাও অংশ নেন।  অর্থনীতি বিভাগের প্রধান ড. জয়দীপ বিশ্বাসের কথায়, যোগ শিক্ষা বা যোগ বিদ্যা নিজের শরীর ও মনকে সুস্থ রাখার এক অনন্য উপায়। আজকের দিনে এই বিষয় নিয়ে উচ্চ শিক্ষার সুযোগ রয়েছে। রয়েছে প্রতিষ্ঠার যথেষ্ট সুযোগও। এই ইন্টার্নশিপ প্রোগ্রাম যোগ বিষয়ে পড়ুয়াদের আগ্রহ বেড়েছে। নিরাময়ের প্রশিক্ষণের কৌশলের প্রশংসা করেন তিনি। বাংলার বিভাগীয় প্রধান ড. সুদীপ কুমার দাস দিনলিপিতে যোগ’কে সঙ্গী করার আহবান জানান। 

নিরাময় স্কুল অব যোগ এডুকেশনের ডিরেক্টর শতাক্ষী ভট্টাচার্য এই প্রোগ্রামের সাফল্যের জন্য  অধ্যক্ষ সহ ভাষা বিভাগগুলোর প্রধানদের সক্রিয় ভূমিকাকে সাধুবাদ দেন। কলেজের ভাইস প্রিন্সিপাল শামস উদ্দিন, নিরাময়ের লিগ্যাসি পার্সন তথা মুখ্য সংযোজক যোগাচার্য রাহুলও  উপস্থিত ছিলেন। ওইদিন বিশিষ্টজনের হাত থেকে একে একে সার্টিফিকেট গ্রহণ করেন পড়ুয়ারা যোগ শিক্ষা প্রোমোশনে এগিয়ে আসার জন্য কাছাড় কলেজকে নিরাময়ের তরফে স্মারক তুলে দেওয়া হয়।  ইন্টার্নশিপের ওপর একটি ডকুমেন্টারিও দেখানো হয়। গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন যোগাচার্য রাহুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *