১৬ এপ্রিল : বৃহস্পতিবার ভোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সাক্ষী থাকল অন্ধ্রপ্রদেশ। কর্ণাটক-অন্ধ্রপ্রদেশ সীমান্তের কাছে একটি পুণ্যার্থীবোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে দ্রুতগামী ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পাঁচজন মহিলা, এক শিশু ও দুই পুরুষ রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১০ থেকে ১২ জন পুণ্যার্থী। তাঁদের স্থানীয় ও জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, কর্ণাটক-অন্ধ্রপ্রদেশ সীমান্তের কুরনুল জেলার ১৬৭ নম্বর জাতীয় সড়কে ধর্মপুর টোল প্লাজার কাছে এই দুর্ঘটনা ঘটে। একটি ছোট পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ হয়। পিকআপ ভ্যানে মোট ২১ জন পুণ্যার্থী ছিলেন। তাঁরা সকলেই কর্ণাটকের বাসিন্দা এবং অন্ধ্রপ্রদেশের মন্ত্রালয়মে অবস্থিত শ্রী রাঘবেন্দ্র স্বামী মঠের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। অন্যদিকে, ট্যাংকারটি বিদার থেকে টুমাকুরুর দিকে যাচ্ছিল।
সংঘর্ষের তীব্রতায় পুণ্যার্থীদের গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে আহতদের উদ্ধার করা হয়।
ইয়েম্মিগানুর সাব-ডিভিশনের ডিএসপি ভার্গবী জানিয়েছেন, আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুরনুল জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি ৪ জন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। একজনের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গিয়েছে।
মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।



