পশ্চিম শিলচর কলেজে নিযুত মইনা ও নিযুত বাবু’র চেক বিতরণ কিশোরের

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর : শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা এবং আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে অসম সরকারের ‘মুখ্যমন্ত্রী নিযুত মইনা’ ও ‘মুখ্যমন্ত্রী নিযুত বাবু’-এর অধীনে পশ্চিম শিলচর কলেজে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়খলার বিধায়ক কিশোর নাথ। এই দুই প্রকল্পের অধীনে মোট ৭০২ জন শিক্ষার্থীর হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। এর মধ্যে নিযুত মইনা আঁচনির অধীনে ৫৪১ জন এবং নিযুত বাবু আঁচনির অধীনে ১৬১ জন শিক্ষার্থী সহায়তা লাভ করেন। শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখা এবং উচ্চশিক্ষা গ্রহণের পথে আর্থিক প্রতিবন্ধকতা কমানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কিশোর নাথ বলেন, শিক্ষাই জাতি ও সমাজের সার্বিক উন্নয়নের প্রধান ভিত্তি। রাজ্য সরকারের এই দুই প্রকল্প শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে উৎসাহিত করার পাশাপাশি তাঁদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বেটি বচাও, বেটি পড়াও’ ভাবনাকে সামনে রেখে কন্যাশিক্ষার প্রসার ও নারীশক্তির ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী ডা. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অসম সরকার শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং যুবসমাজের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।

শিক্ষার্থীদের উদ্দেশে বিধায়ক বলেন, জীবনে সাফল্য অর্জনের জন্য মনোযোগ দিয়ে পড়াশোনা করা, নির্দিষ্ট লক্ষ্য স্থির রাখা এবং কঠোর পরিশ্রমের পাশাপাশি শৃঙ্খলা, অধ্যবসায় ও আত্মবিশ্বাস বজায় রাখা অত্যন্ত জরুরি। সরকারি সহায়তাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীরা ভবিষ্যতে দক্ষ, দায়িত্বশীল ও আত্মনির্ভর নাগরিক হিসেবে গড়ে উঠবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।

প্রকল্পের সুবিধা পেয়ে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী ডা. হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা এবং উপস্থিত শিক্ষার্থীদের ধন্যবাদ জানান বিধায়ক কিশোর নাথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *