বরাক তরঙ্গ, ১৬ মার্চ : আসাম বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ এবং কাছাড় ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্রের যৌথ উদ্যোগে মেহেরপুরের বিপ্লবী উল্লাসকর বিদ্যাভবনে আয়োজিত হলো ক্যান্সার বিষয়ক সচেতনতা কর্মসূচি। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্রের মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কার শ্রাবণী গুপ্তা।
এই কর্মসূচিতে বিদ্যালয়ের সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের মধ্যে ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং তামাক সেবন সহ বিভিন্ন ক্ষতিকর অভ্যাসের মারাত্মক প্রভাব সম্পর্কে অবহিত করা।

আলোচনার সময় শ্রাবণী গুপ্তা ক্যান্সারের ক্ষতিকর প্রভাব, এর ঝুঁকির কারণ, চিকিৎসা পদ্ধতি, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং ক্যান্সার রোগীদের জন্য কাছাড় ক্যান্সার হাসপাতালের বিভিন্ন পরিষেবা সম্পর্কে বিস্তারিতভাবে শিক্ষার্থীদের অবহিত করেন। পাশাপাশি নেশাজনিত অভ্যাস থেকে মুক্ত থাকার উপায় নিয়েও তিনি আলোচনা করেন এবং সুস্থ জীবনযাপনের গুরুত্বের ওপর বিশেষ জোর দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক তরুণ বিকাশ সুকাই। বক্তব্য রাখতে গিয়ে তিনি তামাকমুক্ত আদর্শ বিদ্যালয় হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। এই সচেতনতা কর্মসূচিতে মোট ৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শেষে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।




