বরাক তরঙ্গ, ৬ আগস্ট : কাছাড় জেলার কাগড়া এলাকার হরিনগর দ্বিতীয় খণ্ড গ্রামে শিয়ালের হামলায় নারী, পুরুষ ও শিশুসহ মোট ৮ জন আহত হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহতদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাজিয়া বেগম লস্কর নামে এক মহিলা বাড়ির বাইরে বাথরুমে গেলে হঠাৎ একটি শিয়াল তার ওপর ঝাঁপিয়ে পড়ে। শিয়ালটি তাকে শরীরের বিভিন্ন স্থানে কামড়ে গুরুতর জখম করে। তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে এসে উদ্ধার করতে গেলে শিয়ালটি তাদের ওপরও আক্রমণ চালায়। পরে তাড়া খেয়ে শিয়ালটি সেখান থেকে পালিয়ে যায়।
এরপর শিয়ালটি আশপাশের আরও কয়েকটি বাড়িতে ঢুকে একের পর এক হামলা চালায়। এই ঘটনায় ফুরকান উদ্দিন লস্কর, ফখরণ নেসা লস্কর, রাজিয়া বেগম লস্কর, আহাদ উদ্দিন লস্কর, সায়েরা বেগম লস্কর, জাবরুল উদ্দিন এবং ইন্তাজুর রহমানসহ মোট ৮ জন আহত হন।
আহতদের মধ্যে চারজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
ঘটনার পর থেকেই হরিনগর দ্বিতীয় খণ্ড গ্রামজুড়ে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। বন্য প্রাণীর এমন আকস্মিক হামলায় এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা বন বিভাগ ও প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নিয়ে শিয়ালটিকে আটক করার দাবি জানিয়েছেন।



