বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : গোল শূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের একমাত্র গোলে রোমাঞ্চকর জয় ছিনিয়ে নিয়ে মাতৃভূমি কাপের কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলো জামিরখাল এফসি। এদিন ‘এ’ গ্রুপ থেকে চতুর্থ দল হিসাবে মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলো ডাইবার্লং এফসি জামিরখাল। শুক্রবার তুমুল প্রতিদ্বন্দিতামূলক ও হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রতিপক্ষ আরমান এফসি ফার্নিচার মোহনখালকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে পৌঁছে তারা।
ধলাইর বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমূখী বিদ্যালয়ের খেলার মাঠে প্রথমার্ধে দুদলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে বেশ রোমাঞ্চকর হয়ে উঠে ম্যাচ। প্রথমার্ধের খেলায় কোন দলই গোল করতে সক্ষম হয়নি। এদিন মাঠে উপস্থিত ফুটবলপ্রেমী দর্শকরা দারুণ ভাবে উপভোগ করেন এদিনের ম্যাচ। প্রথমার্ধের খেলায় গোল না হওয়ায় দ্বিতীয়ার্ধে জয়ের জন্য মরিয়া হয়ে উঠে উভয় দল। জয়সূচক গোলের জন্য ডাইবার্লং এফসি জামিরখাল ও আরমান এফ.সি ফার্নিচার মোহনখাল তুমুল লড়াই করে। ম্যাচের ৩৯ মিনিটে ডাইবার্লং এফসি জামিরখাল দলের শঙ্কর জয়সূচক গোলটি করেন। রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথে হর্ষোল্লাসে ফেটে পড়েন ডাইবার্লং এফ.সি জামিরখাল দলের সমর্থকরা। এই জয়ের ফলে চতুর্থ দল হিসাবে চলমান মাতৃভূমি কাপের কোয়ার্টার ফাইনালের স্থান নিশ্চিত করে জামিরখাল ।
ম্যাচে সেরা নির্বাচিত হন রাহুল রূপসী। তাঁর হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি সমাজসেবী গ্যাস উদ্দিন লস্কর, সাব উদ্দিন বড়ভূইয়া ও দীপু লস্কর। এদিনের খেলা পরিচালনা করেন কামরুজ্জামান লস্কর, প্রবীণ বর্মণ, ইজাজ আহমেদ লস্কর ও কৃশ্চিয়ানা মার। শনিবার ‘বি’ গ্রুপের প্রথম দল হিসাবে দ্বিতীয় রাউন্ডের খেলায় ওয়াইথাই এফসি ও নাহারুল ইউনাইটেড এফসি মোকাবিলা করবে।



