যুক্তরাষ্ট্র-ইজরায়েলের হামলায় তেহরানে ক্ষতিগ্রস্ত ৬০ ঐতিহাসিক স্থাপনা

Spread the news

১৭ মে : যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ হামলায় ইরানের রাজধানী তেহরানে অন্তত ৬০টি ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ। এর মধ্যে ১০টি স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে জানানো হয়েছে।

শনিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চলমান সংঘাতের কারণে তেহরানের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা, জাদুঘর ও সাংস্কৃতিক কেন্দ্র ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। বিশেষ করে রাজধানী তেহরান ও আশপাশের এলাকায় হামলার প্রভাব সবচেয়ে বেশি দেখা গেছে। ইরানি কর্তৃপক্ষ বলছে, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে কয়েকটি শতাব্দীপ্রাচীন নিদর্শনও রয়েছে, যা দেশটির সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ।

এদিকে, চিন সফর শেষে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চিনের প্রেসিডেন্ট শি জিংপিং পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালুর পক্ষে মত দিয়েছেন এবং ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের বিরোধিতা করেছেন। তবে বিশ্লেষকদের মতে, এটি মূলত চিনের আগের অবস্থানেরই পুনরাবৃত্তি; বেইজিং এখনো সরাসরি কোনো নতুন কূটনৈতিক পদক্ষেপের ইঙ্গিত দেয়নি।

ট্রাম্প আরও জানান, ইরানের পক্ষ থেকে দেওয়া সাম্প্রতিক প্রস্তাবে তিনি সন্তুষ্ট নন। তিনি বলেন, প্রস্তাবটি পর্যালোচনা করেই তা প্রত্যাখ্যান করেছেন। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্ট করে জানান, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান “চলমান থাকবে”। মার্কিন প্রতিরক্ষা বিভাগও সম্ভাব্য নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *