গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল সাক্ষরতা দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা

Spread the news

বরাক তরঙ্গ, ২৩ জুলাই : ডিজিটাল সাক্ষরতা দিবস উপলক্ষে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগ এবং পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সার্কল অফিস শাখার যৌথ উদ্যোগে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে “নিরাপদ ডিজিটাল ব্যাংকিং অনুশীলন ও সাইবার জালিয়াতি প্রতিরোধ” শীর্ষক এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্জাব ন্যাশনাল ব্যাংকের চিফ ম্যানেজার সুব্রত পাঠক। এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র ম্যানেজার বিপ্রজিৎ দত্ত, চিফ ম্যানেজার (আইটি) মুকেশ কুমার, গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের বিভাগীয় প্রধান ড. যোগেশ্বর বর্মণ, বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক জয়দীপ ভট্টাচার্য, জ্যেষ্ঠ ব্যবস্থাপক শুভব্রত পাঠক, মৌপি দেব পুরকায়স্থ, সুতপা পুরকায়স্থ, জ্যোতির্ময় পাঠক ও জ্যোতির্ময় শর্মা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপক-অধ্যাপিকা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থীও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ দেন বাণিজ্য বিভাগের বিভাগীয় প্রধান ড. যোগেশ্বর বর্মণ। এরপর চিফ ম্যানেজার (আইটি) মুকেশ কুমার, জ্যোতির্ময় পাঠক এবং জ্যোতির্ময় শর্মা যৌথভাবে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে নিরাপদ ডিজিটাল ব্যাংকিং, সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল জালিয়াতি প্রতিরোধ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বক্তারা ডিজিটাল ও আর্থিক জালিয়াতির বিভিন্ন কৌশল, প্রতারণার ধরন এবং সেগুলি থেকে সুরক্ষিত থাকার উপায় তুলে ধরেন। বাস্তব উদাহরণের মাধ্যমে তাঁরা দেখান কীভাবে প্রতারক চক্র বিভিন্ন পদ্ধতিতে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয় এবং সেই ধরনের প্রতারণা এড়াতে কী ধরনের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। পাশাপাশি অনলাইন লেনদেনের সময় ব্যক্তিগত তথ্য, ওটিপি, পিন কিংবা ব্যাঙ্ক সংক্রান্ত গোপন তথ্য কারও সঙ্গে ভাগ না করার পরামর্শও দেওয়া হয়।

বক্তারা আরও বলেন, ডিজিটাল ব্যাংকিং পরিষেবা ব্যবহারের ক্ষেত্রে সচেতনতা ও নিরাপত্তাবিধি মেনে চললে গ্রাহকরা নিরাপদে অর্থ লেনদেন করতে পারবেন। সভার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ ডিজিটাল ব্যাঙ্কিং চর্চা, সাইবার জালিয়াতি প্রতিরোধ এবং ডিজিটাল ব্যাংকিং পরিষেবার কার্যকর ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

আলোচনা শেষে শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন এবং বিশেষজ্ঞদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ গ্রহণ করেন। বাণিজ্য বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক জয়দীপ ভট্টাচার্যের ধন্যবাদজ্ঞাপন বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *