১০ নভেম্বর : সামান্য রোজগারে সংসার চলছিল না যুবকের। মানুষের শরীরের অঙ্গ বিক্রি করে মিলতে পারে ২০ লক্ষ টাকা! সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিয়ো দেখে মাথায় চাপে দ্রুত বড়লোক হওয়ার নেশা। সেই ভিডিয়ো দেখেই মাথায় আসে ভয়ঙ্কর পরিকল্পনা। কী ভাবে অঙ্গ বের করতে হয়, কোথায় বিক্রি করা যায়, ক্রেতার সন্ধানই বা মিলবে কী ভাবে— এসব জানতে সাহায্য নেন AI অ্যাপের। সেই অ্যাপের সঙ্গে প্রায় ৪৫ দিন ধরে কথাবার্তা চালানোর পরেই যুবক ভয়ঙ্কর কাজ করেন বলে অভিযোগ। টাকার লোভে নিজেরই চার বছরের ভাইপোকে খুন করে তার কিডনি, ফুসফুস ও চোখ বের করে নেওয়ার অভিযোগ উঠল ২৭ বছর বয়সি ওই যুবকের বিরুদ্ধে। ছত্তিসগড়ের জশপুরের এই ঘটনায় তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গিয়েছে, ধৃতের নাম বাসুদেব কোরওয়া ওরফে টাঙ্গনু। সম্পর্কে তিনি মৃত শিশুর বাবার মামাতো ভাই। পুলিশ জানিয়েছে, জশপুরের সান্না এলাকায় দিনমজুরের কাজ করতেন শিশুটির বাবা রামজিৎ রাম। স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে অস্থায়ী কুঁড়েঘরে থাকতেন তিনি। সম্পর্কে বাসুদেব তাঁর মামাতো ভাই। কাজের সূত্রে ওই এলাকায় এসে রামজিতের বাড়িতে যাতায়াত ছিল তাঁর।
তদন্তকারীদের দাবি, দিনমজুরের সামান্য রোজগারে সন্তুষ্ট ছিল না বাসুদেব। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত বিভিন্ন ভিডিয়ো দেখতেন তিনি। প্রায় এক মাস আগে একটি ভিডিয়োতে মানুষের অঙ্গ বিক্রি করে ২০ লক্ষ টাকা উপার্জনের কথা জানতে পারেন। এর পরেই সেই পরিকল্পনা বাস্তবায়িত করার উপায় খুঁজতে শুরু করেন।
পুলিশ জানিয়েছে, AI অ্যাপের সঙ্গে ভয়েস মেসেজে কথাবার্তা শুরু করেন বাসুদেব। ৪৫ দিন ধরে অঙ্গ সংগ্রহ ও বিক্রির উপায় জানতে চান তিনি। এমনকী, দিল্লি থেকে এক ক্রেতা অঙ্গ কিনতে আসবেন বলেও তাঁর ধারণা তৈরি হয়।

পুলিশের অভিযোগ, গত ৫ নভেম্বর রাতে মুরগির মাংস খাওয়ানোর লোভ দেখিয়ে চার বছরের শিশুটিকে নিজের ঘরে ডেকে নেয় বাসুদেব। প্রথমে তাকে মদ্যপান করান। এর পরে শিশুটি অচেতন হয়ে পড়লে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করে। পরে শরীর থেকে কিডনি, ফুসফুস ও চোখ বের করে নেয়। দেহটি কম্বলে মুড়ে একটি গর্তে লুকিয়ে রাখে। অঙ্গগুলি প্লাস্টিকে মুড়ে একটি বালতিতে রেখে অন্য জায়গায় পুঁতে দেয়।
পুলিশ জানায়, পরের দিন সকালে ছেলেকে খুঁজে না পেয়ে তল্লাশি শুরু করেন পরিবারের সদস্যরা। বাড়ি থেকে প্রায় আধ কিলোমিটার দূরে গর্তের মধ্যে উদ্ধার হয় শিশুটির দেহ। দেহের অবস্থা দেখে শিউরে ওঠেন পরিবারের সদস্যরা। খবর দেওয়া হয় পুলিশে।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, শিশুটিকে নিখোঁজ হওয়ার আগে বাসুদেবের সঙ্গে দেখা গিয়েছিল। এক স্থানীয় বাসিন্দার বয়ানের ভিত্তিতে সন্দেহের তালিকায় উঠে আসে তার নাম। জেরার মুখে শেষ পর্যন্ত অপরাধের কথা স্বীকার করে বলে পুলিশ সূত্রে দাবি।
পুলিশ জানায়, অভিযুক্তের দেখানো জায়গা থেকে উদ্ধার করা হয়েছে শিশুটির দেহ থেকে বের করা অঙ্গগুলি, খুনে ব্যবহৃত অস্ত্র এবং অন্যান্য সামগ্রী। দেহ ও অঙ্গগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তকারীদের দাবি, দিল্লি থেকে কোনও ক্রেতা আসার অপেক্ষাতেই ছিলেন বাসুদেব। তবে অঙ্গ বিক্রির জন্য বাস্তবে কোনও ক্রেতার সঙ্গে যোগাযোগ হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশের দাবি, দিল্লি থেকে এক ক্রেতা আসবেন বলে ধারণা তৈরি হয়েছিল অভিযুক্তের। তবে বাস্তবে কোনও ক্রেতার সঙ্গে যোগাযোগ হয়েছিল কি না, তা এখনও তদন্তাধীন।
খবর : এই সময় অনলাইন।



