
১০ নভেম্বর : বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় একটি মাদ্রাসার পাঁচতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪৮ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। আগুনের বিষাক্ত ধোঁয়ায় শ্বাসকষ্ট ও শ্বাসনালির ক্ষতির শিকার হয়েছে তারা। এ ছাড়া ছয়জন শিক্ষার্থী দগ্ধ হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং একজনকে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের আইসিইউতে রাখা হয়েছে।
সোমবার গভীর রাতে, প্রায় ১টা ৫৫ মিনিটে ফতুল্লার সাইনবোর্ডের ভুঁইঘর এলাকার শান্তিধারায় অবস্থিত জামিয়াতুল আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে গোটা ভবন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে রাত ২টা ৫ মিনিটে কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে কাঁচপুর ও শিবু মার্কেট ফায়ার সার্ভিস স্টেশনের মোট পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। প্রায় ২৫ মিনিটের প্রচেষ্টায় রাত ২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে রাত ৩টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।




