প্রতিবেশী মহিলা ও তাঁর পরিবারের বিরুদ্ধে সরব মৃতের পরিজন, আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন – তদন্তে পুলিশ
শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ১০ নভেম্বর : বাড়ির সামনেই গাছের নিচে উদ্ধার হল ২৫ বছর বয়সি এক যুবকের অস্বাভাবিক মৃতদেহ। মঙ্গলবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কাছাড় জেলার কাটিগড়ার সিদ্বেশ্বর দ্বিতীয় খণ্ডের শিব কলোনিতে। মৃত যুবকের নাম রণজিৎ দাস। ৬ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন নিজের বাড়ির সামনে একটি গাছের নিচে গলায় দড়ি লাগানো অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায় তাঁকে।

যুবকের মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই উঠেছে একাধিক প্রশ্ন। পরিবারের অভিযোগ, প্রতিবেশী এক পরিবারের সঙ্গে রণজিতের ব্যক্তিগত সম্পর্ককে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। তাঁদের দাবি, ওই পরিবারের মহিলার সঙ্গে রণজিতের প্রেমের সম্পর্কের জেরেই তাঁকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। যদিও পরিবারের তরফে তোলা এই অভিযোগের কোনও সত্যতা এখনও তদন্তে প্রতিষ্ঠিত হয়নি।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কাটিগড়া থানার পুলিশ। থানার ওসি চিইম ছিং তিমুং এবং এসআই সামান আলি মজুমদারের নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করে। পরে কাটিগড়ার সার্কল অফিসার যাত্রাকান্ত কর্মকারও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন।

পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

এদিকে, যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গোটা শিব কলোনি এলাকায় উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়েছে। এটি আত্মহত্যা, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ – তা নিয়েই তৈরি হয়েছে রহস্য। পরিবারের অভিযোগের পাশাপাশি ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের অগ্রগতি এবং ময়নাতদন্তের রিপোর্টের দিকেই এখন তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।



