১০ নভেম্বর : সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ফের হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলের মদিনা এলাকায় পাইপলাইনটিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলার জেরে পাইপলাইনের একটি অংশে সীমিত পরিসরে আগুন লাগলেও দ্রুত তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে।

সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, এই ঘটনায় কেউ হতাহত হননি। পাশাপাশি পাইপলাইনের মাধ্যমে তেল পরিবহণও স্বাভাবিক রয়েছে। তবে হামলার নেপথ্যে কারা রয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, সৌদি আরব এবং দেশটির সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর জোটের সঙ্গে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই গুরুত্বপূর্ণ তেল পরিবহণ পরিকাঠামোয় নতুন করে হামলার ঘটনা ঘটল।

হরমুজ প্রণালি এড়িয়ে তেল পরিবহণের ক্ষেত্রে সৌদি আরবের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্ট-ওয়েস্ট পাইপলাইন। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের সঙ্গে চলমান সংঘাতের জেরে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এখনও কঠোরভাবে সীমিত রয়েছে। ফলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় ব্যাপক প্রভাব পড়েছে। যুদ্ধ শুরুর পর থেকে এই পাইপলাইন একাধিকবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে।




