দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৮ এপ্রিল : শিলচর গভর্নমেন্ট বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুলে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলে মিশ্র চিত্র উঠে এসেছে। বিভিন্ন শাখায় মাঝারি পাসের হার নথিবদ্ধ হলেও বিজ্ঞান শাখায় তুলনামূলকভাবে দুর্বল ফল লক্ষ্য করা গেছে। একই সঙ্গে ছাত্রদের অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারে উদ্বেগ প্রকাশ করেছেন স্কুলের প্রধান শিক্ষিকা পারবিন সুলতানা লস্কর।
বিদ্যালয় সূত্রে জানা যায়, কলা শাখায় মোট ৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯ জন প্রথম বিভাগ, ২৯ জন দ্বিতীয় বিভাগ এবং ৮ জন তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে। এই শাখায় পাসের হার ৫৬.৪ শতাংশ। কমার্স শাখায় ১৭ জনের মধ্যে ৭ জন প্রথম, ৬ জন দ্বিতীয় এবং ৪ জন তৃতীয় বিভাগে পাস করে পাশের হার দাঁড়িয়েছে ৫৮ শতাংশ।
অন্যদিকে, বিজ্ঞান শাখায় ফলাফল সবচেয়ে হতাশাজনক। মোট ২২ জন পরীক্ষার্থীর মধ্যে কেউ প্রথম বিভাগে উত্তীর্ণ হতে পারেনি। ৮ জন দ্বিতীয় এবং ৫ জন তৃতীয় বিভাগে পাস করায় এই শাখায় পাসের হার ৪৭.২ শতাংশে নেমে এসেছে।
প্রধান শিক্ষিকা পারবিন সুলতানা লস্কর বলেন, “শিক্ষক স্বল্পতার কারণে বাণিজ্য শাখার ছাত্ররা কিছুটা সমস্যায় পড়েছিল, তবুও তারা ভালো চেষ্টা করেছে। পড়াশোনায় আরও মনোযোগী হওয়া প্রয়োজন—এটি শুধু শিক্ষক বা অভিভাবকের নয়, সকলের যৌথ দায়িত্ব।”
তিনি আরও বলেন, “অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার ছাত্রদের মনোযোগে ব্যাঘাত ঘটাচ্ছে। ছাত্রদের নির্দেশনা মেনে চলা এবং অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ জরুরি, তবেই এই সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব।”
ইতিমধ্যে কম্পার্টমেন্টাল পরীক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস শুরু করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার মানোন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়েছে। পাশাপাশি আগামী দিনে ছাত্র-অভিভাবকদের সক্রিয় সহযোগিতা কামনা করেছেন প্রধান শিক্ষিকা।



