বরাক তরঙ্গ, ২৯ জুলাই : শিলচর মেডিক্যাল রোডের মেহেরপুর এলাকায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে বুধবার অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দারা। প্রতিবাদের অংশ হিসেবে তাঁরা নির্বাহী প্রকৌশলীর নামে একটি প্রতীকী কাঠামো তৈরি করে সেখানে ফুল ও গামছা অর্পণ করে প্রতীকী ‘শ্রদ্ধাঞ্জলি’ নিবেদন করেন।
প্রতিবাদকারীদের অভিযোগ, একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হলেও রাস্তা সংস্কারের জন্য এখনও পর্যন্ত কোনও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তাঁদের দাবি, এর আগেও রাস্তার দুরবস্থা নিয়ে আন্দোলনের পর স্থায়ী সংস্কারের পরিবর্তে নদী থেকে আনা মাটি ফেলে সাময়িকভাবে কাজ সেরে দেওয়া হয়। বর্ষার বৃষ্টিতে সেই মাটি কাদায় পরিণত হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বর্তমানে রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, কাদা ও জমে থাকা পানির কারণে পথচারী, রোগী, অ্যাম্বুলেন্স এবং অন্যান্য যানবাহনের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রতিদিনই চরম দুর্ভোগের মুখে পড়ছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দারা অবিলম্বে দায়সারা মেরামতের পরিবর্তে স্থায়ীভাবে রাস্তা সংস্কারের দাবি জানান। তাঁদের মতে, দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হলে জনদুর্ভোগ আরও বাড়বে। অভিনব এই প্রতিবাদ কর্মসূচি এলাকাজুড়ে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করে।



