বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : নদী থেকে চেংকাউল সংগ্রহ করতে গিয়ে জলে পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম এইচ লালরুয়াতসাঙ্গা (৩৫)। তাঁর বাড়ি মিজোরামের থিংসুল ত্লাংনুয়াম এলাকায়।
জানা গেছে, শুক্রবার তিনি পরিবারের সদস্যদের সঙ্গে চেংকাউল সংগ্রহের উদ্দেশ্যে নদীতে গিয়েছিলেন। বিকেল আনুমানিক ৪টা ১৫ মিনিট নাগাদ অসাবধানতাবশত পা পিছলে নদীর জলে পড়ে যান তিনি।
দুর্ঘটনাস্থলে মোবাইল নেটওয়ার্ক না থাকায় তাঁর সঙ্গে থাকা একজন নদীর ধারে নেটওয়ার্ক পাওয়া যায় এমন স্থানে গিয়ে স্থানীয়দের খবর দেন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার অভিযানে নামেন। দীর্ঘ তল্লাশির পর সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিট নাগাদ তাঁর সন্ধান মেলে। শুক্রবার রাতেই তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। শনিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।





