মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১১ মে : উত্তর করিমগঞ্জ কেন্দ্রে দীর্ঘদিনের অবহেলিত সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা নিতে শুরু করেছেন নবনির্বাচিত বিধায়ক জাকারিয়া আহমদ। নির্বাচনে জয়লাভের পর দলীয় কর্মসূচিতে যোগ দিতে গুয়াহাটি গিয়েছিলেন তিনি। কেন্দ্রে ফিরে এসেই উন্নয়নমূলক কাজকে অগ্রাধিকার দিয়ে প্রশাসনিক ও বিভাগীয় স্তরে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছেন।
বিশেষ করে এলাকার ভাঙাচোরা রাস্তা, দুর্বল যোগাযোগ ব্যবস্থা এবং গ্রামাঞ্চলের যাতায়াত সমস্যার দ্রুত সমাধানে তিনি তৎপর হয়ে উঠেছেন। সেই ধারাবাহিকতায় রবিবার জেলা পিডব্লিউডি ইঞ্জিনিয়ারের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন বিধায়ক জাকারিয়া আহমদ। বৈঠকে উত্তর করিমগঞ্জ কেন্দ্রের বিভিন্ন শহর ও গ্রামাঞ্চলের রাস্তাঘাটের বেহাল অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সাধারণ মানুষ যে দুর্ভোগের শিকার হচ্ছেন, সেই বিষয়গুলি গুরুত্ব সহকারে বিভাগীয় কর্তৃপক্ষের সামনে তুলে ধরেন বিধায়ক।
বিশেষত বর্ষাকালে বহু গ্রামের রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এতে স্কুল-কলেজগামী ছাত্রছাত্রী, রোগী বহনকারী অ্যাম্বুলেন্স এবং সাধারণ মানুষের নিত্যদিনের যাতায়াতে চরম সমস্যার সৃষ্টি হয়। এসব বাস্তব সমস্যার দিক তুলে ধরে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি। শুধু শহরাঞ্চল নয়, প্রত্যন্ত গ্রামাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও বিশেষ গুরুত্ব আরোপ করেন বিধায়ক।
বৈঠকের শুরুতে জেলা পিডব্লিউডি ইঞ্জিনিয়ার নবনির্বাচিত বিধায়ককে শুভেচ্ছা ও সংবর্ধনা জানান। পরে বিধায়কের উত্থাপিত প্রতিটি সমস্যা মনোযোগ সহকারে শোনেন বিভাগীয় আধিকারিকরা। তাঁরা আশ্বাস দেন, উত্তর করিমগঞ্জ কেন্দ্রের ছোট-বড় সমস্ত রাস্তার সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার ও নতুন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের বিষয়েও ইতিবাচক মনোভাব প্রকাশ করা হয়।
বৈঠকে বিধায়ক জাকারিয়া আহমদ পান্না স্পষ্টভাবে জানান, জনগণের প্রত্যাশা পূরণ করাই তাঁর প্রধান লক্ষ্য। নির্বাচনের সময় তিনি যে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়নের উদ্দেশ্যেই প্রশাসনের বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করে যাবেন।
তিনি বলেন, “উত্তর করিমগঞ্জের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য মৌলিক সমস্যার সমাধানে আমি সর্বদা জনগণের পাশে থাকব এবং প্রতিটি সমস্যার স্থায়ী সমাধানের জন্য লড়াই চালিয়ে যাব।
এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রদীপ কুরি-সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।



