যুব দর্পনের নতুন উদ্যোগ “সাফল্যের সাজঘর”, শুরু হচ্ছে শীঘ্রই

Spread the news

শুভ দাস, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৫ জুন : তরুণ প্রজন্মের সাফল্য, সংগ্রাম ও অনুপ্রেরণার গল্পকে বৃহত্তর সমাজের সামনে তুলে ধরার লক্ষ্য নিয়ে জনপ্রিয় সামাজিক-সাংস্কৃতিক প্ল্যাটফর্ম “যুব দর্পণ” শুরু করেছে এক অভিনব বিভাগ “সাফল্যের সাজঘর”। ফ্যাশন, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, সমাজসেবা, উদ্যোক্তা জীবন কিংবা বিশেষ কোনও অর্জনের স্বীকৃতি, যে কোনও ক্ষেত্রে সফল ব্যক্তিত্বদের জীবনগাথা এবার প্রকাশিত হবে এই বিশেষ উদ্যোগের মাধ্যমে।

যুব দর্পণ কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমান সময়ে অসংখ্য প্রতিভাবান মানুষ নীরবে কাজ করে চলেছেন। তাঁদের সাফল্য, অধ্যবসায় এবং সংগ্রামের কাহিনি অনেক ক্ষেত্রেই জনসমক্ষে আসে না। সেইসব অনুপ্রেরণামূলক গল্পকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই চালু করা হয়েছে “সাফল্যের সাজঘর”।
এই বিভাগে স্থান পাবে ফ্যাশন জগতের উজ্জ্বল মুখ, বিভিন্ন পুরস্কার ও সম্মাননা প্রাপ্ত ব্যক্তিত্ব, বিশেষ অর্জনের অধিকারী তরুণ-তরুণী, সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা মানুষ এবং সংগ্রাম থেকে সাফল্যের শিখরে পৌঁছে যাওয়া ব্যক্তিদের জীবনকথা। তাঁদের ছবি-সহ প্রকাশিত হবে সাফল্যের গল্প, যা পাঠকদের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

যুব দর্পণের পক্ষ থেকে জানানো হয়েছে, আগ্রহী ব্যক্তিরা নিজেদের বা পরিচিত কোনও সফল ব্যক্তিত্বের তথ্য, ছবি এবং সংক্ষিপ্ত পরিচিতি পাঠিয়ে নিবন্ধন করতে পারবেন। নির্বাচিত ব্যক্তিদের সাফল্যের গল্প বিশেষ প্রতিবেদন আকারে প্রকাশ করা হবে যুব দর্পণের বিভিন্ন মাধ্যম ও প্রকাশনায়।
উদ্যোগটির অন্যতম লক্ষ্য হলো সমাজের ইতিবাচক দিকগুলোকে তুলে ধরা এবং নতুন প্রজন্মকে উৎসাহিত করা। অনেক তরুণ-তরুণী প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নিজেদের যোগ্যতা ও পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করছেন। তাঁদের পথচলার গল্প অন্যদের জন্যও হয়ে উঠতে পারে প্রেরণার আলোকবর্তিকা।

যুব দর্পণের এক প্রতিনিধি বলেন, “আমাদের কলমে আপনার সাফল্যের গল্প, আপনার অর্জনই আমাদের অনুপ্রেরণা। আমরা চাই সমাজের প্রতিটি ইতিবাচক সাফল্য মানুষের সামনে আসুক এবং নতুন প্রজন্মকে স্বপ্ন দেখতে ও এগিয়ে যেতে উৎসাহিত করুক।”

উল্লেখ্য, “সাফল্যের সাজঘর”-এ অংশগ্রহণের জন্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করা যাবে 6001500429 এবং 8486480191 নম্বরে। ইতিমধ্যেই এই উদ্যোগকে ঘিরে বিভিন্ন মহলে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সমাজের বিভিন্ন স্তরের সফল মানুষদের জীবনগাথা নিয়ে এই নতুন অধ্যায় ভবিষ্যতে তরুণ সমাজের জন্য এক গুরুত্বপূর্ণ অনুপ্রেরণার ভাণ্ডার হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *