দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শনিবার শ্রীশ্রীরামকৃষ্ণ বানপ্রস্থ মঙ্গলমে এক বিশেষ যোগাসন কর্মশালার আয়োজন করা হয়। সংস্থার আবাসিক ও অন্যান্য সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই কর্মশালায় স্বাস্থ্যসচেতনতা, মানসিক প্রশান্তি এবং সুস্থ জীবনযাপনের বার্তা তুলে ধরা হয়।
বিশিষ্ট যোগ প্রশিক্ষক বেলী রায়, নীলা পাল ও পূজা চন্দ কর্মশালাটি পরিচালনা করেন। তাঁদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীরা বিভিন্ন যোগাসন ও শ্বাস-প্রশ্বাসের অনুশীলনে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি জহর তারণ, সম্পাদক প্রণবকুমার চৌধুরী, প্রতিষ্ঠাতা সদস্য চম্পালাল রায়, সহ-সভাপতি সন্দীপ ভট্টাচার্যসহ সদস্য অতনু ভট্টাচার্য, অভিজিৎ ধর, দেবব্রত পাল, কোষাধ্যক্ষ সুশীল কর, নারায়ণ সাহা, অনুপম ভট্টাচার্য এবং সাংস্কৃতিক সম্পাদক সুদীপ দাস প্রমুখ।
সাংস্কৃতিক সম্পাদক সুদীপ দাস জানান, ভবিষ্যতে প্রতি মাসের শেষ সপ্তাহে সংস্থার উদ্যোগে নিয়মিত যোগাভ্যাস কর্মশালার আয়োজন করা হবে। তিনি বলেন, যোগাভ্যাস শুধু শারীরিক সুস্থতাই নয়, মানসিক বিকাশ ও মনোসংযোগ বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বয়স নির্বিশেষে উপযোগী অনুশীলনের মাধ্যমে বিভিন্ন রোগ প্রতিরোধেও যোগব্যায়াম কার্যকর।
কর্মশালায় অংশগ্রহণকারীরা যোগাসন ও শ্বাসচর্চার মাধ্যমে শারীরিক সজীবতা ও মানসিক প্রশান্তি অনুভব করেন। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।



