পাথারকান্দিতে ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২১ মে : অসম-ত্রিপুরা সীমান্তবর্তী পাথারকান্দিতে ফের বড়সড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে চালানো এক বিশেষ অভিযানে প্রায় ৫০ লক্ষাধিক টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে আটক করা হয়েছে দুই মাদক পাচারকারীকে। এই ঘটনায় সীমান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে পাথারকান্দি থানার কাছে খবর আসে যে আসিমগঞ্জ দিক থেকে ত্রিপুরার ধর্মনগরের উদ্দেশ্যে যাওয়া একটি হুন্ডাই আই-১০ গাড়িতে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক পাচার করা হচ্ছে। খবর পেয়ে ওসি মানসজ্যোতি বড়োর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল সোনাখিরা এডি ক্যাম্প এলাকায় অভিযান শুরু করে। পরে সন্দেহভাজন গাড়ি আটক করে তল্লাশি চালানো হয়।

প্রথমে কিছু না মিললেও গাড়ির ভেতরে তৈরি বিশেষ গোপন চেম্বার থেকে উদ্ধার হয় বাদামী রঙের কয়েকটি প্যাকেট। প্যাকেট খুলতেই বেরিয়ে আসে প্রায় ১০ হাজার ইয়াবা ট্যাবলেট। উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন প্রায় ১০৪৬ গ্রাম বলে জানিয়েছে পুলিশ। আন্তর্জাতিক বাজারে যার মূল্য ৫০ লক্ষাধিক টাকা।

ঘটনাস্থল থেকেই মারুফ ইসলাম ও রাহুল উদ্দিন নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তারা উত্তর ত্রিপুরার পানিসাগর এলাকার বাসিন্দা। পাচারে ব্যবহৃত গাড়িটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে আন্তর্জাতিক মাদকচক্রের যোগসাজশের ইঙ্গিত মিলেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য সংগ্রহ করছে তদন্তকারী দল। এনডিপিএস আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *