বদরপুরে মাদক সহ আটক দুই যুবক

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২১ মে : বদরপুরে ফের বড়সড় সাফল্য পেল বদরপুর থানা পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে চালানো এক বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দুই যুবককে আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া ইয়াবার পরিমাণ প্রায় ১০ হাজার, যার আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে জানা গেছে। এই ঘটনায় গোটা বদরপুর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বদরপুর থানার অন্তর্গত বুন্দাশীল গ্রামের মিশন রোড এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল দুই যুবক। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে তল্লাশি চালানো হয়। সেই তল্লাশিতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট। আটক যুবকদের পরিচয় মকছুদ আলম ও শামিম হোসেন বলে জানা গেছে। দুজনেই বুন্দাশীল গ্রামের বাসিন্দা।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া মাদক স্থানীয় বাজারে বিক্রির জন্য নয়, বরং বড় কোনো আন্তঃজেলা বা আন্তঃরাজ্য মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে। মাদক কোথা থেকে আনা হয়েছে এবং কার কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। পুলিশের দাবি, মাদকের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। এদিকে, পুলিশের এই সাফল্যে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরলেও সীমান্তবর্তী এলাকায় সক্রিয় মাদকচক্র নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *