কাটিগড়ার হিলাড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, একই পরিবারের দুই শিশুসহ আহত ৫

Spread the news

বরাক তরঙ্গ, ২০ নভেম্বর : কাটিগড়ার হিলাড়া এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় একই পরিবারের দুই শিশুসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুরে একটি কন্টেইনার ও অল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের তীব্রতায় অল্টো গাড়িটি দুমড়ে-মুচড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, হরিনগর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা প্যারা বেগম (৬৫), খাইরুল ইসলাম (২৭), তামান্না পারভিন (২০) এবং দুই শিশু আরিয়ান (২) ও উমের হোসেন (১) এদিন কালাইন থেকে চিকিৎসক দেখিয়ে অল্টো গাড়িতে বাড়ি ফিরছিলেন। সেই সময় হিলাড়া এলাকায় পৌঁছতেই বিপরীত দিক থেকে আসা NL 01 AH 5677 নম্বরের একটি কন্টেইনারের সঙ্গে তাঁদের গাড়ির সজোরে সংঘর্ষ হয়।

দুর্ঘটনার অভিঘাতে অল্টো গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং গাড়ির ভিতরে থাকা পাঁচজনই গুরুতর আহত হন। বিকট সংঘর্ষের শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা তৎপরতার সঙ্গে আহতদের উদ্ধার করে কালাইন হাসপাতালে নিয়ে যান।

সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তবে আহতদের শারীরিক অবস্থার গুরুত্ব বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য পাঁচজনকেই শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে, জাতীয় সড়কে এমন ভয়াবহ দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই পরিবারের দুই শিশুসহ পাঁচজনের আহত হওয়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে স্থানীয় মহলে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *