দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : শিলচর পুর নিগম নির্বাচনে অসম গণ পরিষদ (অগপ)-র দুই নবনির্বাচিত ওয়ার্ড কমিশনারকে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা জানানো হলো। বৃহস্পতিবার দুপুরে অগপর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার দলীয় তত্ত্বাবধায়ক কেএইচ বিমলেন্দু সিংহের রামনগরস্থিত বাসভবনে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
অগপ-র কাছাড় জেলা কমিটির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় কমিটির সদস্য কবীর আহমদ বড়ভূইয়ার নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে ১৬ নম্বর ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর মিয়া খান এবং ২৬ নম্বর ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর সাবিনা ইয়াসমিন বড়ভূইয়াকে সংবর্ধনা জানানো হয়। বিজয়ী ওয়ার্ড কমিশনারদের উত্তরীয় পরিয়ে এবং মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানান কেএইচ বিমলেন্দু সিংহ, কবীর আহমেদ বড়ভূইয়া ও শিলচর বিধান পরিষদের সভাপতি সৌম্যদীপ ভট্টাচার্য (দীপন)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগপ নেতা আক্তার হোসেন বড়ভূইয়া এবং বাগাডহর-বড়জুড়াই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি নজমুল ইসলাম লস্কর।

বক্তব্য রাখতে গিয়ে কে.এইচ বিমলেন্দু সিংহ আশা প্রকাশ করেন, দুই নবনির্বাচিত কাউন্সিলর নিজ নিজ ওয়ার্ডের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং এর মাধ্যমে অগপর ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। কবীর আহমদ বড়ভূইয়া বলেন, এই নির্বাচনী সাফল্যের মধ্য দিয়ে বরাক উপত্যকায় অগপ-র নতুন উত্থানের সূচনা হয়েছে। এই জয়ের জন্য তিনি দলের কেন্দ্রীয় মন্ত্রী অতুল বরা ও কেশব মহন্তের পাশাপাশি মিত্রদল বিজেপির সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
অন্যদিকে, ১৬ নম্বর ওয়ার্ডের বিজয়ী ওয়ার্ড কমিশনার মিয়া খান তাঁর জয়কে দলের কর্মী-সমর্থক এবং এলাকার সাধারণ মানুষের জয় বলে উল্লেখ করেন। তিনি নির্বাচনে সহযোগিতার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাবিনা ইয়াসমিন বড়ভূইয়ার প্রতিনিধি নাজিম হোসেন বড়ভূইয়া (বাপ্পু) বলেন, এই জয় ২৬ নম্বর ওয়ার্ডবাসীর জয়। তিনি অগপ নেতৃত্বের পাশাপাশি বিজেপির জেলা সভাপতি রূপম সাহা, মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল, সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থের প্রতি কৃতজ্ঞতা জানান।
এদিনের অনুষ্ঠানে অগপ-র কাছাড় জেলা কমিটির সহ-সভাপতি রুমিম মাঝারভূইয়াসহ দলের অন্যান্য নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।



