নতুন বছরের পরও চুক্তি না হলে ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত ট্রাম্পের

Spread the news

২৩ নভেম্বর : ইরানের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব না হলে নতুন বছরের পর দেশটির বিরুদ্ধে ফের সামরিক অভিযান শুরুর বিষয়টি বিবেচনা করছেন বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় এমন অবস্থানের কথা জানিয়েছেন তিনি।

রবিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান সব সময় আলোচনার কথা বললেও বাস্তবে তার কোনও ফল পাওয়া যাচ্ছে না। তাঁর কথায়, ‘তারা শুধু কথাই বলে যায়।’ নতুন বছরের পরও কোনও চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে ফের সামরিক হামলা চালানোর বিষয়ে তিনি আগ্রহী বলেও জানান।

এদিকে, যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধের মুখে ইরানের তেলবাহী জাহাজগুলো এগিয়ে এসে তা পরীক্ষা করুক, এমনটাও চান বলে মন্তব্য করেন ট্রাম্প। এ প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জাহাজগুলোরও সমুদ্রের তলদেশে জায়গা হতে পারে, যেমনটা হয়েছে ইরানের নৌবাহিনীর ক্ষেত্রে।

অন্যদিকে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়াকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ তুলেছেন নবনির্বাচিত মার্কিন সিনেটর আবদুল এল-সাইয়েদ। তাঁর দাবি, কার্যকরভাবে সরকার পরিচালনা এবং সাধারণ মানুষের অর্থনৈতিক চাহিদা পূরণের পরিবর্তে যুদ্ধের বিষয়টিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

রবিবার এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে এল-সাইয়েদ বলেন, সম্ভাব্য সরকারি অচলাবস্থার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করা উচিত নয়। বরং যুদ্ধের অর্থায়ন নিয়ে সমঝোতায় পৌঁছানোর দায়িত্ব প্রেসিডেন্ট ট্রাম্পের।

তিনি আরও বলেন, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং মার্কিন সেনাসদস্যদের জীবন রক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর চেয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধকেই বেশি গুরুত্ব দিচ্ছেন ট্রাম্প।

এল-সাইয়েদের অভিযোগ, যুদ্ধের জন্য অর্থ বরাদ্দ এবং যুদ্ধ ঘোষণার সাংবিধানিক ক্ষমতা মার্কিন কংগ্রেসের হাতে থাকলেও ট্রাম্প কার্যত সেই ক্ষমতা নিজের হাতে তুলে নিয়েছেন। তবে তিনি যে কোনওভাবেই মার্কিন সরকারের কার্যক্রম বন্ধ হয়ে যাক, তা চান না, সাক্ষাৎকারে সেটিও স্পষ্ট করে দেন।
তথ্যসূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *