বরাক তরঙ্গ, ২২ নভেম্বর : প্রতি বছরের মতো এবারও শিলচর শহরের সেরা পাঁচটি কালীপূজা কমিটিকে পুরস্কৃত করার উদ্যোগ নিয়েছে লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ। ক্লাবের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার বিচারপর্ব ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তিন সদস্যের বিচারকমণ্ডলী তাঁদের মূল্যায়ন ও চূড়ান্ত ফলাফল ক্লাব কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে সুভাষনগর কলেজ রোড কালীপূজা কমিটি। দ্বিতীয় স্থান পেয়েছে শরৎপল্লীর সারদা সংঘ কালীপূজা কমিটি এবং তৃতীয় স্থান অর্জন করেছে তারাপুর সার্বজনীন কালীপূজা কমিটি (ত্রিবেণী ক্লাব)। এছাড়া বিশেষ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে এসএমসি রোডের ঘুঙুর কালীবাড়ি কালীপূজা কমিটি এবং ২৮ নম্বর পল্লী সার্বজনীন কালীপূজা কমিটি। পূজা কমিটিগুলির সার্বিক পারফরম্যান্সের ভিত্তিতেই বিজয়ীদের নির্বাচন করা হয়েছে।
উল্লেখ্য, লায়ন্স ক্লাব ভ্যালি ভিউয়ের এই উদ্যোগ এ বছর তৃতীয় বর্ষে পদার্পণ করল। এই প্রতিযোগিতার বিশেষত্ব হলো, কোনও পূজা কমিটির কাছ থেকে প্রবেশমূল্য নেওয়া হয় না। এমনকী আগাম নাম নথিভুক্ত করারও প্রয়োজন হয় না। সম্পূর্ণ স্বাধীনভাবে বিচার করে প্রতিবছর শিলচরের সেরা পাঁচটি পূজা কমিটিকে পুরস্কৃত করে থাকে ক্লাব। কাছাড় জেলার পাঁচজন বিশিষ্ট ব্যক্তিত্বের স্মৃতিতে পাঁচটি পৃথক পুরস্কার প্রদান করা হবে। প্রতিটি পুরস্কারের সঙ্গে থাকবে একটি করে মর্যাদাপূর্ণ শংসাপত্র।
আগামী ২৯ নভেম্বর, রবিবার, সকাল ১১টায় শিলচরের পেনশনার্স ভবনে (ইন্ডিয়া ক্লাব মাঠের কাছে) পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ক্লাবের সভাপতি সঞ্জিব রায় প্রত্যেক বিজয়ী পূজা কমিটিকে অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।



