ধলাখালে বন বিভাগের অভিযানে দেড় কেজি বনরুইয়ের আঁশ উদ্ধার, গ্রেফতার এক

Spread the news

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : ধলাইয়ের ধলাখাল এলাকায় বন বিভাগের অভিযানে প্রায় দেড় কেজি বনরুইয়ের আঁশ উদ্ধার ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বন বিভাগ।

বন বিভাগ সূত্রে জানা গেছে, ধলাই হাওয়াইথাং রেঞ্জের অধীন ধলাখাল এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় বন বিভাগের একটি দল। অভিযানে প্রায় দেড় কেজি বনরুইয়ের আঁশ উদ্ধার করা হয়। পরে সেগুলি বাজেয়াপ্ত করে বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া বনরুইয়ের আঁশ কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, এর পিছনে কোনও পাচারচক্র রয়েছে কি না এবং আরও কেউ এই ঘটনায় জড়িত রয়েছে কি না—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বন বিভাগ।

বনরুই সংরক্ষিত বন্যপ্রাণী হওয়ায় এর শিকার, পাচার এবং দেহাংশের অবৈধ বাণিজ্য আইনত দণ্ডনীয় অপরাধ। বন্যপ্রাণী পাচার ও অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে আগামী দিনেও অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন রেঞ্জ অফিসার গীতাশ্রী দোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *