বরাক তরঙ্গ, ২২ নভেম্বর : নবগঠিত শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রথম মেয়র হিসেবে নির্বাচিত হওয়ায় আইনজীবী অমরেন্দ্র পালকে সংবর্ধনা জানাল ইউনাইটেড সিটিজেন্স অব শিলচর। গত ২১ নভেম্বর মেয়রের কার্যালয়ে গিয়ে সংগঠনের সদস্যরা তাঁকে উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানান। একই সঙ্গে শহরের বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানের দাবিতে দুটি স্মারকলিপি তাঁর হাতে তুলে দেন।

প্রথম স্মারকলিপিতে ২০২৬ সালের ২০ আগস্ট গৌহাটি হাইকোর্টের W.P.(C)/5198/2024 মামলায় দেওয়া রায় ও নির্দেশ কার্যকর করার দাবি জানানো হয়। ২০২৪-২৫ অর্থবর্ষে শিলচর শহরে জলকর-সহ বিভিন্ন পৌরকর ও অন্যান্য চার্জ বৃদ্ধির বিষয়টি মামলায় চ্যালেঞ্জ করা হয়েছিল। সংগঠনের দাবি, আদালতের নির্দেশ অনুযায়ী কর ও চার্জ পুনর্নির্ধারণের আগে স্থানীয় ভাষা এবং ইংরেজি সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করে নাগরিকদের মতামত ও আপত্তি গ্রহণ করতে হবে। পাশাপাশি আদালতের নির্দেশিত প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত জলকর বকেয়ার অজুহাতে কোনও জবরদস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার আবেদন জানানো হয়েছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, রায় কার্যকরের ৯০ দিনের সময়সীমা আগামী ৯ ডিসেম্বর শেষ হবে।
দ্বিতীয় স্মারকলিপিতে শহরের চারটি গুরুত্বপূর্ণ সমস্যা—জলাবদ্ধতা, অবৈধ পার্কিং ও ফুটপাত দখল, যানজট এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে একাধিক প্রস্তাব তুলে ধরা হয়।

জলাবদ্ধতা নিরসনে বৈজ্ঞানিক পদ্ধতিতে ভূমির উচ্চতা নির্ধারণ করে রাস্তা ও নিকাশি ব্যবস্থার পরিকল্পনা, খাল দখলমুক্ত করা এবং নিয়মিত পলি অপসারণের দাবি জানানো হয়েছে। টাউনখাল, রাঙ্গিরখাল, সিঙ্গিরখাল, বাছাইখাল ও বোয়ালজোরের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার পাশাপাশি স্লুইস গেট সচল রাখা এবং প্রয়োজনীয় স্থানে পাম্প বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সংগঠনের কাছে থাকা সমগ্র কর্পোরেশন এলাকার R.L.-ভিত্তিক টপোগ্রাফিক সার্ভে রিপোর্ট কর্পোরেশনকে দেওয়ার প্রস্তাবও রাখা হয়েছে।

অন্যদিকে, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণে বহুতল পার্কিং ব্যবস্থা গড়ে তোলা, ফুটপাত দখলকারী হকারদের নির্দিষ্ট ভেন্ডিং জোনে পুনর্বাসন এবং হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে নিজস্ব পার্কিং বাধ্যতামূলক করার দাবি জানানো হয়েছে। যানজট মোকাবিলায় সুসংহত ট্রাফিক পরিকল্পনা, প্রয়োজনীয় ক্ষেত্রে একমুখী যান চলাচল এবং সিসিটিভির মাধ্যমে আইনভঙ্গকারীদের শনাক্ত করার প্রস্তাব দেওয়া হয়।
শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী আবর্জনা সংগ্রহ, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিয়ন্ত্রণ এবং মেহেরপুর ট্রেঞ্চিং গ্রাউন্ডে প্রস্তাবিত বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র দ্রুত চালুর দাবিও জানানো হয়েছে।
সংগঠনের আশা, মেয়র অমরেন্দ্র পালের নেতৃত্বে কর্পোরেশন নাগরিক সমস্যাগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে সময়বদ্ধ পদক্ষেপ গ্রহণ করবে। সংবর্ধনা ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনজীবী ধ্রুব কুমার সাহা, প্রণব দত্ত, অধ্যাপক অজয় রায়, সাধন পুরকায়স্থ, অভিজিৎ দাম, আশুতোষ রায়, রামানুজ ভট্টাচার্য ও কৃশানু ভট্টাচার্য।



