বরাক তরঙ্গ, ১৭ আগস্ট : টানটান উত্তেজনা, আক্রমণ-প্রতিআক্রমণ আর শেষ মুহূর্তে টাইব্রেকারের জয়লাভ ওয়াইথাই এফসির। মাতৃভূমি কাপ প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টের সোমবার ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। প্রথমার্ধে বল দখলে কিছুটা এগিয়ে ছিল ওয়াইএমসিএ। ম্যাচের ১২ মিনিটে স্ট্রাইকার সেইত্রজিৎ ডি-বক্সের বাঁ দিক থেকে আসা ক্রস থেকে দুর্দান্ত শটে ওয়াইথাইয়ের জালে বল জড়িয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। এই ব্যবধানেই প্রথমার্ধ শেষ হয়।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে ওয়াইথাই এফসি। মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে ধারাবাহিক আক্রমণ গড়ে তোলে তারা। ম্যাচের ৩৯ মিনিটে ডেভিডের দুর্দান্ত গোলে সমতা ফেরায় ওয়াইথাই। এরপর জয়সূচক গোলের জন্য দুই দলই একের পর এক আক্রমণ চালালেও নির্ধারিত সময়ে আর গোল হয়নি।
ফলে ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। স্নায়ুর লড়াইয়ে ৬-৫ গোলে জয় ছিনিয়ে নেয় ওয়াইথাই এফসি। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়েন দলের সমর্থকরা।
দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ম্যাচসেরার পুরস্কার পান ওয়াইথাইয়ের ডেভিড। তাঁর হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি ধীরেন্দ্র সিংহ। ম্যাচ পরিচালনা করেন ইজাজ আহমেদ লস্কর, রাজীব আহমদ লস্কর, জাফর বড়ভূইয়া ও কৃশ্চিয়ানা মার। মঙ্গলবার ‘সি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে নাহারুল ইউনাইটেড এফসি মুখোমুখি হবে কালারহাওয়রের হাদামা এফসি।



