বিশেষ প্রতিবেদক, মরিগাঁও।
বরাক তরঙ্গ, ৩ মে : মরিগাঁও জেলার লাহরিঘাটে সাংবাদিককে জুয়ারিরা আক্রমণ করার ঘটনার ৩৬ ঘণ্টা পার হওয়ার পরেও লাহরিঘাট পুলিশ প্রশাসন করায়ত্ত করতে পারেনি জুয়ারি সাম্রাজ্যের সম্রাট জাকিরুল ইসলামকে। জুয়ারিরা সাংবাদিককে আক্রমণ করার ঘটনার পরও পুলিশ প্রশাসনের রহস্যজনক নিরবতায় প্রশ্ন উত্থাপন করে বিভিন্ন দল সংগঠনে। এই দুর্ভাগ্যজনক ঘটনায় মুসলিম ছাত্র সংস্থা, অসম ( মুসা)র সভাপতি আশিক রাব্বানি নিজের প্রতিক্রিয়ায় বলেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা সাংবাদিকদের ওপর দিন দিন বাড়তে থাকা আক্রমণ কখনও সহ্য করা হবে না। দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীল নীতি গ্রহণ করা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের নিরাপত্তা প্রদানে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। সরকার সাংবাদিক আক্রমণের বিরুদ্ধে নেওয়া নীরব ভূমিকার কারণে দিন দিন সাংবাদিক আক্রমণের ঘটনা বৃদ্ধি পেয়ে আসছে বলে অভিযোগ করেন।
সাংবাদিকের সুরক্ষার স্বার্থে কঠোর আইন প্রবর্তন করে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানোর পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা পুনরায় সংঘটিত না হয় তার ব্যবস্থা গ্রহণ করতে হবে সরকারকে, একইসঙ্গে লাহরিঘাটে সাংবাদিকদের আক্রমণে দোষীদের কঠোর শাস্তি প্রদান করতে হবে, অন্যথায় প্রতিবাদী কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে বলে জানান। একসঙ্গে লাহরিঘাটের সাংবাদিক সমাজ, মরিগাঁও জেলা আমসু, ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি ও বিভিন্ন দল সংগঠন পুলিশ প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে। ৪৮ ঘণ্টার পরও যদি জুয়ারিদের মূল নায়ক জাকিরুলসহ ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক অপরাধীকে গ্রেফতার না করে, তাহলে পরবর্তী পর্যায়ে অনির্দিষ্টকালের জন্য লাহরিঘাটের সাংবাদিক সমাজ ও দল সংগঠনে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি প্রদান করেন।



