সরকারি বিদ্যালয়ের মেধাবীদের সংবর্ধনা, হাজি এসইউ লস্কর এডুকেশনাল ফাউন্ডেশনের

Spread the news

বরাক তরঙ্গ, ৩ মে : শিক্ষার সঙ্গে মানবিক মূল্যবোধ গড়ে তুলে সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত করার আহ্বান উঠে এল শিলচরের এক সংবর্ধনা অনুষ্ঠানে। রবিবার পার্ক রোডের আম্বেদকর ভবনে হাজি এসইউ লস্কর এডুকেশনাল ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি ছাত্রছাত্রী ও গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়। সংস্থার সভাপতি ফখরুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হাইলাকান্দি এসএস কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. পরিতোষ চন্দ্র দত্ত। তিনি বলেন, মাধ্যমিক পাশ করা জীবনের নতুন অধ্যায়ের সূচনা, আর সেই পথেই শুরু হয় প্রকৃত সংগ্রাম। প্রতিকূলতার মুখোমুখি হয়েও অধ্যবসায় ও দৃঢ়তার মাধ্যমে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। নম্বরের চেয়ে প্রকৃত জ্ঞান ও মানবিক গুণাবলীর গুরুত্ব তুলে ধরে ড. দত্ত শিক্ষাব্যবস্থার ক্রমবর্ধমান বাণিজ্যিকীকরণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি ছাত্রছাত্রীদের শুধু পেশাগত সাফল্য নয়, মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানের প্রধান অতিথি রাজ্য সরকারের যুগ্ম সচিব ড. খালেদা সুলতানা আহমেদ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, নিজের আগ্রহ ও সক্ষমতার ভিত্তিতেই লক্ষ্য নির্ধারণ করা উচিত। অভিভাবকদের চাপ নয়, আত্মবিশ্বাসই সাফল্যের মূল চাবিকাঠি। তিনি সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের সংগ্রামী ভূমিকাও বিশেষভাবে উল্লেখ করেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত দৈনিক সাময়িক প্রসঙ্গের সম্পাদক তৈমুর রাজা চৌধুরী ফাউন্ডেশনের দীর্ঘদিনের কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, ২০০৬ সাল থেকে সংস্থাটি শিক্ষা ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

ফাউন্ডেশনের সম্পাদক মিলন উদ্দিন লস্কর জানান, শুরুতে সোনাই অঞ্চলের ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হলেও বর্তমানে পুরো জেলার কৃতীদের এই সম্মান দেওয়া হচ্ছে। বিশেষ করে আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের সরকারি বিদ্যালয়ের পড়ুয়াদের উৎসাহিত করাই এই উদ্যোগের লক্ষ্য।

অনুষ্ঠানে সোনাই মাধব চন্দ্র দাস কলেজের অধ্যক্ষ ড. বাহারুল ইসলাম লস্কর এবং অবসরপ্রাপ্ত শিক্ষিকা ও সাংস্কৃতিক কর্মী শিল্পী ভট্টাচার্যকে সংবর্ধনা জানানো হয়। তাঁরা শিক্ষার পাশাপাশি সংস্কৃতি ও নৈতিকতার গুরুত্বের উপর আলোকপাত করেন। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত শিক্ষক ও সংস্থার প্রাক্তন সভাপতি হাজি আলা উদ্দিন লস্করের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়। উপস্থিত ছিলেন সমাজকর্মী রূপেশ চন্দ্র দাস, শিক্ষিকা পারবিন সুলতানা লস্কর, ডা. প্রবাল পাল চৌধুরী, লোকসাহিত্যিক মহবুবুল বারি সহ অন্যান্য বিশিষ্টজন।

এদিন কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনার পাশাপাশি দুই দুঃস্থ মেধাবী ছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়। সূর্যকুমার হাইস্কুলের রুকসানা বেগম লস্কর এবং ডিএনএনকে স্কুলের জন্নত বেগম বড়ভূঁইয়াকে পৃথক স্মারক বৃত্তি হিসেবে চার হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। বিভিন্ন বিদ্যালয়ের বহু কৃতি ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানানোর মাধ্যমে শিক্ষার প্রসার ও মেধার সম্মাননার বার্তা তুলে ধরে এই উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *